ফরিদপুরের ভাঙ্গায় বিষ্ণু মূর্তি উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় এক বাড়ি থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার আজিমনগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সারওয়ার মিয়ার বাড়ি থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানান ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম।
সারওয়ার মিয়া ও তার স্ত্রী নারগিছ বেগমকে আটক করা হয় বলে জানান তিনি।
“গোপন সংবাদ পেয়ে সারওয়ার মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৬৮ কেজি ৪৮০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।”
ওসি আরও জানান, মূর্তিটি স্থানীয় স্বর্ণকারদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তবে মূর্তিটির মূল্য জানা যায়নি।
আদালতের অনুমতি নিয়ে মূর্তিটি প্রত্নত্তত্ব অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
সারওয়ার মিয়া জানান, “প্রায় দুই মাস আগে বাড়ির পাশে একটি পুকুর খননের সময় ওই বিষ্ণু মুর্তিটি পাই। পরে মূর্তিটি নিজের কাছে রাখি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দরা মূর্তিটি দেখতে থানায় যান বলেও তিনি জানান।
