একদিনে ৬২ হাজার বৃক্ষরোপণ
চাঁদপুরের কচুয়া উপজেলায় একদিনে ৬২ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে একযোগে ৬২ হাজার চারা রোপণ করা হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
তিনি জানান, কচুয়ার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়কের দুই পাশসহ বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
“পরিবেশ রক্ষায় উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যে গত কয়েকদিন ধরে আমি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করি।”
উপজেলা পরিষদের উদ্যোগে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে দুপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ওই কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহীউদ্দীন খান আলমগীর।
বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শামসুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির প্রমুখ।
