২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলটির দপ্তরিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার দুপুরে উপজেলার আউরারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দপ্তারি জিয়াউল হক রুবেলকে (২৬) গ্রেপ্তার করা হয়। রুবেল মেয়েটির প্রাইভেট শিক্ষকও ছিল।

সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান, স্থানীয়ভাবে ধর্ষণের বিষয়টি জেনে শিশুর পরিবারকে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার সকালে শিশুর মা বাদী হয়ে রুবেলকে আসামি করে মামলার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটির পরিবার জানায়, আউরারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও ওই এলাকার এক প্রবাসীর সাত বছর বয়সী শিশুটি রোববার সকালে দপ্তরি রুবেলের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় রুবেল শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানালে তিনি স্কুলের প্রধান শিক্ষককে জানান।

প্রধান শিক্ষক বিষ্ণুপদ শীল বলেন, ওইদিন দুপুরেই বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটুকে জানানো হয়।

“ইউপি চেয়ারম্যান তার বাড়িতে উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন।”

শিশুটির মা জানান, রুবেল ইউপি চেয়ারম্যানের বাড়ির লোক হওয়ায় চাপের কারণে থানায় অভিযোগ করতে পারেননি।