২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক

বালতির তলায় অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 05:54 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সোমবার ভোরে শাহ আমানত সেতুর বাকলিয়া চেকপোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আফজাল হোসেন টিটু (৩৩) মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। তিনি ঢাকার আরামবাগে থাকতেন।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বালতির তলা কেটে ছোটছোট প্যাকেটে ইয়াবাগুলো রেখে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন আফজাল।

“ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর বাকলিয়া চেকপোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।”

পরে তার সঙ্গে থাকা বালতির ভেতর থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, আফজাল মাদারীপুরের বাসিন্দা হলেও ঢাকার আরামবাগে থেকে ইয়াবা ব্যবসা করতেন।

এ ঘটনায় মাদক আইনে একটি মামলা করে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে।