কুড়িগ্রামে জোড়া খুন: গ্রেপ্তার এক
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় প্রতিপক্ষের লোকজন দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার বড়বেড় সন্নাসীকান্দি গ্রামে এ ঘটনায় আরও সাত জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন বড়বেড় সন্নাসীকান্দি গ্রামের ইমান আলীর ছেলে আবু বক্কর (৫০) এবং সিরাজুল ইসলামের ছেলে সানোয়ার (৩৫)।
এলাকাবাসী আলম মিয়া নামে এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে
বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে পুলিশ।
এ ঘটনায় ঢুষমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই থানার ওসি মাহফুজুর রহমান।
আহতরা হলেন আনোয়ার হোসেন (৪৫), বোরহান মিয়া (৪০), আবু শামা (৬০), শাহজাহান মিয়া (২৮), আবু সাঈদ (২৭), আলমাছ হোসেন (৩০) ও চাঁন মিয়া (৩০)।
এরমধ্যে আলমাছ হোসেন, শাহজাহান মিয়া ও আবু সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত আবু বক্করের ছেলে বোরহান উদ্দিন জানান, ঢাকায় একটি রিকশা গ্যারেজে কাজ করতো আব্দুল মান্নানের ছোট ভাই হেলাল ও আবু বক্করের ভাই শাহজাহান।
“ঈদের আগে হেলাল গ্যারেজ মালিকের ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে আসে।
“ওই মালিক হেলালের খোঁজে বড়বেড় সন্নাসীকান্দি গ্রামে এলে আবু বক্করের নেতৃত্বে গ্রামবাসী আত্মসাতকৃত টাকা তার হাতে তুলে দেয়।”
এ নিয়ে আবু বক্করের সঙ্গে আব্দুল মান্নানের মধ্যে বিরোধের সুত্রপাত হয় বলে জানান বোরহান।
এলাকাবাসীর বরাত দিয়ে ঢুষমারা থানার ওসি মাহফুজুর রহমান জানান, বুধবার দুপুরের দিকে আবু বক্কর ৫/৭জন দিনমজুর নিয়ে আব্দুল মান্নানের বাড়ির কাছে নিজ বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান।
ওই সময় আব্দুল মান্নানের ১১ ভাইসহ ১৫/২০ জন ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপরি কুপিয়ে আবু বক্কর ও দিনমজুর সানোয়ারকে হত্যা করে।
এ সময় এলাকাবাসী আলম মিয়াকে (৩০) ধরে পুলিশে সোপর্দ করে বলে তিনি জানান।
ওসি বলেন, নিহতের ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে ১৭জনকে আসামি করে অভিযোগ দাখিল করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
