চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভবন নির্মাণকালে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে বাতানপাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সিরাজ পাঠান (৬৫) চাঁদপুরের মতলব উপজেলার মাথাভাঙ্গা এলাকার হালিম পাঠানের ছেলে।
তিনি সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ বাজার এলাকায় তার ভায়রা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে তার মোবাইল ফোনের দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদি প্রবাসী জাকির হোসেনের ভবন নির্মাণ কাজের তদারকি করছিলেন সিরাজ পাঠান।
গত কয়েকদিন ধরে বাতানপাড়ার আফজাল হোসেনের ছেলে শুক্কুর, তার ভাই পাপ্পুসহ আরও কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে জানান ওসি।
“বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা আবার সিরাজ পাঠানের কাছে গিয়ে চাঁদা দাবি করে।”
ওসি সরাফত বলেন, এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ‘সন্ত্রাসী শুক্কুর, তার ভাই পাপ্পুসহ’ আরও কয়েকজন তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জানান, চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজের ছেলে মো. জাকারিয়া কনক ও স্ত্রী হোসনে আরা বেগম জানান, চাঁদার দাবিতে ‘সন্ত্রাসী শুক্কুর ও তার ভাইসহ’ তাদের সহযোগীরা সিরাজকে হত্যা করেছে।
তারা খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
