সাগরে অপহৃত ১৯ জেলে মুক্তি পায়নি
দুই দিন পেরিয়ে গেলেও বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসক্ষেত্র এলাকা থেকে দুটি ট্রলারসহ অপহৃত ১৯ জেলে ও মাঝিমাল্লার মুক্তি মেলেনি।
গত মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপের দক্ষিণ-পশ্চিমে সাগরে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়।
এদের মধ্যে এক অপহৃতকে হত্যা করেছে বলে জলদস্যুরা এক ট্রলার মালিককে জানিয়েছে।
এদিকে অপহরণের পর থেকে অপহরণকারীরা দফায় দফায় মুক্তিপণের টাকা চেয়ে আসছে বলে জানান সংশ্লিষ্টরা।
ট্রলার মালিক অরুণ কান্তি দাস জানান, বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে অপহৃত জেলেদের ছেড়ে দেওয়ার শর্তে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
তিনি বলেন, তার মোবাইলে ফোন করে জলদস্যুরা অপহৃত জেলেদের একজনকে হত্যা করেছে বলে জানিয়েছে।
আরেক ট্রলার মালিক হাতিয়ার জাহাজমারা এলাকার মো. রাশেদ খান বলেন, “দুপুরে মোবাইল ফোনে অপহরণকারীরা মুক্তিপণের টাকা চেয়েছে। টাকা না দিলে অপহৃত জেলেদের হত্যার হুমকিও দেয়।”
নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন চৌধুরী জানান, বুধবার ভোরে চট্টগ্রামের বন্দারটিলা এলাকা থেকে ‘জলদস্যু বাহিনী প্রধান কালাম মাঝি’কে আটক করা হয়। দুপরে তাকে নোয়াখালী নিয়ে আসা হয়।
কালাম মাঝি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আরব আলীর ছেলে।
“জিজ্ঞাসাবাদে কালাম সাগরে দস্যুতায় জড়িত আরও তিনটি বাহিনীর সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করলেও অপহৃত ১৯ জেলের বিষয়ে বিছু বলছে না।”
অপহৃত একজনকে হত্যা করার কথা পুলিশ শুনেছে বলে জানান এএসপি জসিম।
তিনি আরও জানান, চট্টগ্রামের বন্দরটিলা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় গোপন আস্তানা থেকে কালাম মাঝি, আজমিরি বাহার, খবির ও কালুর নেতেত্বে চারটি বাহিনী ইলিশের মৌসুমে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যালেন, সন্দ্বীপ চ্যানেল ও সাঙ্গু গ্যাসক্ষেত্র এলাকায় চাঁদাবাজি, নৌডাকাতি ও অপহরণের ঘটনা ঘটাচ্ছে।
এর আগে গত ১২ জুলাই সাগর থেকে দুটি ট্রলারসহ হাতিয়ার ১৮ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। পরে তাদের দাবি অনুযায়ী বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পাঠানো হলে অপহৃত জেলেরা ছাড়া পান।
