২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ঘণ্টা পর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের’ লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার

দুর্ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর লাইনচ্যুত ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 01:26 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

সিরাজগঞ্জ রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন জানান,  ঈশ্বরদী থেকে আসা রিলিফ ক্রেনের সহায়তায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়।

এর আগে বিকল্প ইঞ্জিন দিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী নেয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখান থেকে যাত্রী নিয়ে ঢাকায় রওনা হয় ট্রেনটি।

বুধবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের রায়পুর স্টেশনের কাছে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেলের (পাকশী) পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল হক বকশী জানান,

কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত মঙ্গলবারও ট্রেনটির একটি বগি শহরের মাহমুদপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিল।