ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ২ অটোযাত্রী নিহত
দেশের জাতীয় মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারির পরদিনই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসচাপায় দুই অটোআরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. জাহাঙ্গীর আলম জানান, আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা এলাকার দরবেশ আলী (৩৭) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগর এলাকার ইনজামামুল হক (২৫)। ইনজামামুল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়াগামী অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
সাম্প্রতিক সময়ে মহাসড়কে বড় যানবাহনের চাপায় অটোরিকশা আরোহীদের হতাহতের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের জাতীয় মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
