রাজন হত্যায় আরেকজন গ্রেপ্তার
সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ১০টার দিকে তাজুদ্দিন আহমেদ বাদলকে (২৪) গ্রেপ্তার করা হয়। বাদল কুমারগাঁওয়ের শেখপাড়ার সুলতান আহমেদের ছেলে।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজন হত্যা মামলায় গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী বাদলকে ধরা হয়েছে।
“বাদল হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল।”
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
রাজনকে হত্যার পর লাশ গুম করার সময় কুমারগাঁও এলাকায় মুহিত আলম নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
পরে মুহিত, তার ভাই কামরুল ইসলাম ও আলী হায়দার এবং ময়না মিয়া চৌকিদারের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ।
এ ঘটনায় মুহিতের স্ত্রী লিপি বেগম, দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলীসহ ১১ জনকে এর আগে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে মুহিতের ভাই সৌদি আরব প্রবাসী কামরুল ঘটনার পর সেদেশে পালিয়ে গেলে প্রবাসীরা তাকে আটক করে সৌদি পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকার।
‘রাজন হত্যার দ্রুত বিচার’
বুধবার বিকেলে সিলেটের কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে রাজনদের বাড়িতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাজন হত্যাকাণ্ডের বিচার হবে।
এ সময় রাজনের বাবা-মাকে স্বান্তনা ও সমবেদনা জানিয়ে তাদের এক লাখ টাকা অনুদান দেন মন্ত্রী।
তিনি বলেন, “রাজন হত্যার বিচার দ্রুত সম্পন্ন হবে। ন্যায্য বিচার অবশ্যই হবে।”
রাজন হত্যাকাণ্ডের আসামি কামরুলকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ভাল। যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনা হবে।”
ঠিক কবে ফিরিয়ে আনা সম্ভব হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনি প্রক্রিয়ায় যতটুকু সময় লাগবে ততটুকুই। তবে ঠিক কবে ফিরিয়ে আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না।”
কামরুলকে বিদেশে পালিয়ে যেতে পুলিশের কেউ সহযোগিতা করলে বা এক্ষেত্রে কারও কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।
রাজন হত্যা মামলায় তার বাবার এজাহার নিতে পুলিশের গড়িমসি বা অবহেলার অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ মামলায় পুলিশের ভুমিকা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শিগগির পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।”
