রাজন হত্যা: এবার মুহিতের জবানবন্দি
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আসামি মুহিত আলম আদালতে জবানবন্দি দিয়েছেন।
এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে ছয়জন জবানবন্দি দিলেন।
সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হক বুধবার বিকালে এ জবানবন্দি রেকর্ড করেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ওই জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গত ৮ জুলাই শিশু রাজনকে হত্যার পর লাশ গুম করার সময় কুমারগাঁও এলাকায় মুহিতকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
গত ১৩ জুলাই তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও সাতদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।
পুলিশ কর্মকর্তা আহাদ বলেন, দ্বিতীয় দফা রিমান্ডের সময় শেষ হওয়ার আগেই মুহিত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাকে আদালতে হাজির করা হয়।
সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় মুহিতের স্ত্রী লিপি বেগম, দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে মুহিতের ভাই সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম ঘটনার পর সেদেশে পালিয়ে গেলে প্রবাসীরা তাকে আটক করে সৌদি পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকার।
এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে ১৪ জুলাই আদালতে জবানবন্দি দেন ঘটনার দুই প্রত্যক্ষদর্শী আজমত ও ফিরোজ। এরপর ২০ এপ্রিল ময়না মিয়া চৌকিদার এবং মঙ্গলবার নূর মিয়া ও দুলাল মিয়া জবানবন্দি দেন।
