বিডিনিউজ২৪ শিশু সাংবাদিকের উপর হামলা
কুড়িগ্রামে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন হ্যালোর এক সাংবাদিক।
রোববার রাতে কুড়িগ্রাম শহরে এ হামলায় আহত সুজন মোহন্তকে (১৭) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূজা মণ্ডপ উচ্ছেদের ঘটনায় ফেইসবুকে লেখালেখি নিয়ে এ হামলা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই শিশু সাংবাদিকের দাবি।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও নিরাপত্তার কথা ভেবে পরে তা প্রত্যাহার করা হয় বলে সুজনের স্বজনরা জানান।
গত ২ জুলাই কুড়িগ্রাম শহরের কালীবাড়ি সংলগ্ন একটি পূজা মণ্ডপ ভেঙে দেয় প্রশাসন। এর প্রতিবাদে ফেইসবুকে লেখালেখি করেন সুজন।
হাসপাতালে সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে কুড়িগ্রাম কালী মন্দির থেকে পূর্ব পরিচিত বাঁধন মোবাইল ফোনে ডেকে নছর উদ্দিন মার্কেটের পিছনে নিয়ে যায়।
“পরে আকিব, বাঁধনসহ পাঁচ জন মিলে বেধড়ক মারপিট ও লাথি মেরে আহত করে।”
ওই সময় সুজনের চিৎকারে এলাকার লোক জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
সুজন বলেন, “পূজা মণ্ডপ উচ্ছেদ ঘটনায় ফেইসবুকে লেখালেখি করায় দুর্বৃত্তরা আমাকে টার্গেট করেছে।”
সুজনের বড় ভাই সুমন মোহন্ত বলেন, এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় তিনি একটি অভিযোগ দাখিল করেছিলেন।
“কিন্তু পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়।”
‘ভুল বোঝাবুঝির’ কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সুমন বলেন, “হামলাকারীর বাবা ও এলাকার মুরুব্বিরা ভুল স্বীকার এবং মিলমিশ করে দেওয়ায় আর কোনো দাবি নেই।
“তবে সুজন হাসপাতাল থেকে বাড়ি ফিরলে চূড়ান্ত সমাধান করা হবে।”
সুজনের মা কুকিলা বলেন, “আমরা গরিব মানুষ। কোনো ঝামেলায় জড়াতে চাই না। সবার সাথে মিলমিশ করে থাকতে চাই।”
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক আবু তালেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মারপিটের ঘটনার পর রাতেই একটি অভিযোগ থানায় দেওয়া হলেও পরবর্তীতে তা প্রত্যাহারের কথা জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
তারপরও পুলিশ বিষয়টির উপর নজর রাখছে বলে জানান তিনি।
‘হামলাকারী’ আকিবের বাবা আমজাদ হোসেন জানান, ঘটনাটি খুবই অপ্রীতিকর। বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
“আমরা পাড়া-প্রতিবেশী সামাজিকভাবে বসে বিষয়টি সমাধান করেছি। আমি হাসপাতালে সুজনকে দেখতেও গিয়েছিলাম।”
