২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রমণে নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ঈদের আনন্দ ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ফয়সাল আহমেদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 10:12 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার দুপুরে পুলিশ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাইদের মো. আইয়ূব হোসেনের একমাত্র সন্তান ১৮ বছর বয়সী ফয়সল।

মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর বঙ্গবন্ধু পয়েন্টের বিপরীতে নরসিংদীর পলাশ থানাধীন ডাঙ্গার মাতিচর এলাকায় ট্রলারের ছাঁদ থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।

এলাকাবাসীকে উদ্ধৃত করে কালীগঞ্জ থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, ঈদ আনন্দ ভ্রমণের ট্রলারে মঙ্গলবার দুপুরে জেলার কাপাসিয়া উপজেলা থেকে রওনা হয় ফয়সল। তাদের নায়ায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার রাসেল পার্কে যাওয়া কথা ছিল।

পথে বিকেলে ট্রলারের ছাদ থেকে ফয়সাল পড়ে যায়। স্থানীয়রাসহ তার সহযাত্রীরা খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরাও রাত পর্যন্ত উদ্ধারে ব্যর্থ হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে নিখোঁজ হওয়াস্থানের পাশেই নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পলাশ থানার ওসি মো. আবুল কামাল আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।