যশোরে স্কুল ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ
যশোরের শার্শা উপজেলায় এক স্কুল ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করেছে এক উত্ত্যক্তকারী।
তবে, তাৎক্ষণিকভাবে মুখ ঢেকে নেওয়ায় সামান্য অংশ ঝলসালেও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় মেয়েটি।
বুধবার দুপুরে বাইকুলা গ্রামে এ ঘটনার পর পুলিশ ‘অ্যাসিড নিক্ষেপকারী’ শামীমের বাবা খলিলুর রহমানকে আটক করেছে।
আক্রান্ত মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির মায়ের বরাত দিয়ে শার্শা থানার ওসি ইনামুল হক জানান, বাইকুলা গ্রামের ‘বখাটে’ শামীম দীর্ঘদিন ধরে স্থানীয় কায়বা-বাইকুলা মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।
“বুধবার বিকালে ওই কিশোরী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে শামীম প্রথমে পিছন থেকে অ্যাসিড ছোড়ে।
“পিঠে বইয়ের ব্যাগ থাকায় তা গায়ে লাগেনি।
“এরপর ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে সুমাইয়ার মুখ লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে।
“তখন ওড়না দিয়ে মুখ আড়াল করে দৌড়ে বাড়ি গিয়ে গোসল করে ফেলে।”
ওসি বলেন, গোসল করার সময় শরীরের যেসব স্থানে অ্যাসিড লেগেছিল সে স্থানগুলো থেকে চামড়া উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ওসি ইনামুল আরও জানান, শামীম অনেক দিন ধরে মেয়েটিকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল।
“ঈদের আগের দিন মেয়েটির ভাই এ বিষয়ে শামীমের বাবার কাছে অভিযোগ করলে তিনি উল্টো তাকে শাসিয়ে দেন।”
এ ঘটনায় খলিলুর রহমানকে আটক করা হয়েছে। তবে, শামীম পালিয়ে গেছে বলে ওসি জানান।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ওড়না দিয়ে দ্রুত প্রতিরোধের কারণে নিক্ষিপ্ত অ্যাসিড পুরোটা সুমাইয়ার মুখমণ্ডলে লাগেনি।
“ছিটকে এসে কপাল ও নাকের কিছু অংশ ঝলসে গেছে ও ফোসকা পড়েছে।”
অবস্থা দেখে দাহ্য পদার্থটি নাইট্রিক অ্যাসিড বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
