নাছির-নিজামের খালাসে বাদী ‘সন্তুষ্ট’
চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং ফেনীর সাংসদ নিজাম হাজারীর বিরুদ্ধে ২২ বছর আগে যিনি হত্যাচেষ্টার মামলা করেছিলেন, সেই সুফিয়ান সিদ্দিকী আসামিদের খালাসের রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন।
এই রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীও।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদা বুধবার এ মামলার অভিযোগ থেকে ১৮ আসামির সবাইকে খালাস দেন।
রায়ের পর মামলার বাদী সুফিয়ান সিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রায়ে তিনি ‘আন্তরিকভাবে’ সন্তুষ্ট।
“আ জ ম নাছির আমার নেতা। হাসান মাহমুদ হাসনী আমার বাল্যবন্ধু। তাদের বিরুদ্ধে আমার মামলা করার প্রশ্নই আসে না।”
তাহলে মামলা কেন করেছিলেন জানতে চাইলে সুফিয়ান বলেন, “তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। আমার বয়সও কম ছিল। চাপ প্রয়োগ করে আমাকে দিয়ে মামলা করানো হয়।”
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘির মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় তখনকার নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগে এ মামলা করা হয়।
সুফিয়ান সিদ্দিকীর করা এই মামলায় নাছিরসহ ১৯ জনের বিরুদ্ধে আনা হয় হত্যাচেষ্টার অভিযোগ। ওই বছরের ৭ মার্চ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এরপর সাক্ষ্য চলার মধ্যেই উচ্চ আদালতের আদেশে মামলাটি স্থগিত হয়ে যায়। স্থগিতাদেশ উঠে যাওয়ার পর গত বছর হাই কোর্ট নতুন করে সাক্ষ্য নেওয়ার নির্দেশ দেয়।
তার এক বছর পর গত ৬ এপ্রিল চট্টগ্রামের আদালতে নতুন করে শুনানি শুরু হয়। জেরার জবাবে তখনকার বিএনপি সরকারের চাপে এ মামলা করেছিলেন বলে জানান বাদী সুফিয়ান।
বুধবার রায়ের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় মামলার এজাহার আমি দেখলেও আসামিদের নাম আমাকে দেখতে দেওয়া হয়নি। এ কথা আদালতেও বলেছি।”
১৯৯৩ সালে ঘটনার সময় সুফিয়ান সিদ্দিকী ছিলেন নগর ছাত্রলীগের প্রচার সম্পাদক। তখন আ জ ম নাছির ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সদস্য।
সুফিয়ানের সেই ‘বাল্যবন্ধু’ হাসান মাহমুদ হাসনী এখন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর সুফিয়ান করেন ঠিকাদারি ব্যবসা। তিনি চট্টগ্রাম নগরীর ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদেও আছেন।
রায় ঘোষণার পর আ জ ম নাছির সাংবাদিকদের বলেন, মামলাটি যে ‘সর্বৈব মিথ্যা’ ও ভিত্তিহীন ছিল তা আইনের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে।
“দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।”
আদালতের রায়ে বলা হয়, “ঘটনা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় দৃশ্যত এ মামলার কোনো প্রমাণ নেই। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
মামলার রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, বিএনপি আমলে ষড়যন্ত্রমূলক এ মামলা করা হয় আওয়ামী লীগকে ‘ছিন্নভিন্ন’ করতে।
“সাক্ষীরা বলেছেন, ওই সময় চাপে পড়ে তারা অসত্য বক্তব্য দিয়েছিলেন। এখন চাপ নেই। এখন তারা সত্য বলেছেন।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবুল হাশেম বলেন, “আগে যে সাক্ষ্য হয়েছিল তাতে মামলা অনেকটা প্রমাণিত হয়। তবে বর্তমান সাক্ষ্যে তা দুর্বল হয়ে যায়। এ মামলায় ন্যায় বিচার হয়েছে বলে আমি মনে করি।”
