২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টা মামলায় নাছির-নিজামসহ সবাই খালাস

চট্টগ্রামে ২২ বছর আগে এক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ ১৮ আসামি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 11:55 AM

Updated : 12 Oct 2022, 04:05 PM

পুরনো খবর:

‘বিএনপির চাপে নাছিরের বিরুদ্ধে মামলা’
সেই মামলায় হাজিরা দিলেন আ জ ম নাছির

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদা বুধবার এই রায় ঘোষণা করেন। তিনি বলেন, “ঘটনা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় দৃশ্যত এ মামলার কোনো প্রমাণ নেই। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।” 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রামের জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ১৮ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন।”

আ জ ম নাছির উদ্দিন, সাংসদ নিজাম হাজারী ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী এ মামলার আসামি ছিলেন।

রায়ের পর মেয়র নাছির সাংবাদিকদের বলেন, মামলাটি যে ‘সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন’ ছিল তা আইনের মাধ্যমেই প্রমাণিত হয়েছে।

“দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

রায়ের পর মামলার বাদী সুফিয়ান সিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি তিনি করেছিলেন তখনকার বিএনপি সরকারের চাপে। 

“এই রায়ে আমি আন্তরিকভাবে সন্তুষ্ট। আ জ ম নাছির আমার নেতা। হাসান মাহমুদ হাসনী আমার বাল্যবন্ধু। তাদের বিরুদ্ধে আমার মামলা করার প্রশ্নই আসে না।”

১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘির মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ ‍হাসিনার জনসভায় তখনকার নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগে এ মামলা করা হয়।

সুফিয়ান সিদ্দিকীর করা এই মামলায় নাছিরসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ওই বছরের ৭ মার্চ ১৮ জনের বিরুদ্ধে ‍অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার ১২ সাক্ষীর মধ্যে আট জনের সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষীদের অধিকতর জেরার আবেদন করে আসামিপক্ষ। ওই আবেদন নাকচ হলে এক আসামি উচ্চ আদালতে ১৯৯৪ সালে রিভিশন মামলা করেন। আর মামলা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন এক আসামি। তারপর মামলাটি স্থগিত হয়ে যায়।

স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত বছর মার্চ মাসে হাই কোর্টের একটি বেঞ্চ রিভিশন মামলায় আদেশ দেয়। এতে আগের আট সাক্ষীকে আবার জেরা করে ছয় মাসের মধ্যে মামলাটি শেষ করতে বলা হয়।

এক বছর পর ওই আদেশ চট্টগ্রামের আদালতে পৌঁছালে ৬ এপ্রিল শুনানি শুরু হয়। এরই মধ্যে ২৮ এপ্রিল নির্বাচনে জিতে চট্টগ্রামের মেয়র হন নাছির।

মামলার বাদী আবু সুফিয়ান গত ২৮ মে আদালতে জেরার জবাবে বলেন, সেসময় বিএনপি ক্ষমতায় ছিল; ক্ষমতাসীনদের চাপে তিনি মামলাটি করেছেন। এ মামলার এজাহার তিনি দেখেননি। আসামিদেরও তিনি ঘটনাস্থলে দেখেননি।

বুধবার রায় ঘোষণা করে বিচারক বলেন, “পুনঃজেরায় মামলার এক থেকে আট নম্বর সাক্ষী সমস্বরে বলেছেন, ওইদিনের সভায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে।

“তাদের (সাক্ষীদের) বক্তব্যে এমন ধারণা হয় যে, সে সময়ের ক্ষমতাসীন দলের চাপে আসামিদের রাজনৈতিকভাবে শিকারে পরিণত করতে মামলাটি করা হয়।”

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বলেন, বাদী আদালতে তার কোনো অভিযোগ না থাকার কথা বলেছেন।

“তিনি প্রতিকার চান না। অন্য কয়েকজন সাক্ষীও তা বলেছেন। এতে বেনিফিট অব ডাউট সৃষ্টি হয়েছে।”

আগে যে সাক্ষ্য হয়েছিল তাতে মামলা ‘অনেকটা প্রমাণিত হতো’ মন্তব্য করে তিনি বলেন, “বর্তমান সাক্ষ্যে তা দুর্বল হয়ে যায়। এ মামলায় ন্যায় বিচার হয়েছে বলে আমি মনে করি। রায় পর্যালোচনার পর উচ্চ আদালতে যাওয়ার কোনো সুযোগ থাকলে তা আপনাদের জানাব।”  

জবানবন্দি ও জেরায় সাক্ষীরা বিপরীত তথ্য দেওয়ায় তাদের বৈরী ঘোষণা করা যেত কি না জানতে চাইলে আবুল হাশেম বলেন, “পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে, তারা এখন সত্য বলছে। তাই আবেদন করিনি।”

এ মামলায় খালাস পাওয়া বাকি আসামিরা হলেন- খুরশিদ আলম, শহিদুল ইসলাম মিন্টু, শমসুল হুদা মিঠু, ফারুক আহমেদ, গোকুল চন্দ্র দাস, মিনহাজুর রহমান, রায়হান ইউসুফ (নাছিরের ব্যক্তিগত সহকারী), আব্দুল মোনায়েম, সোহরাব হোসাইন মজুমদার, শফি দোভাষ, ইমরান ইউসুফ, ওয়াহিদুল আলম শিমুল, সীমান্ত তালুকদার, শাকিল মাহমুদ ও শাহনেওয়াজ সাকি।

শেষ তিনজন মামলা চলাকালে পলাতক ছিলেন।

আদালত রায় ঘোষণার সময় অন্য আসামিরা দাঁড়িয়ে থাকলেও আ জ ম নাছির, নিজাম হাজারী ও হাসান মাহমুদ হাসনীকে এজলাসে উকিলদের জন্য রাখা সোফায় বসে থাকতে দেখা যায়।

নাছিরের বিরুদ্ধে এ মামলা ছাড়াও ১৯৯৩ সালের ১৮ অক্টোবর চট্টগ্রাম মেডিকেলে তিন খুন, ১৯৯৪ সালে ইসলামিয়া কলেজে দুই খুন এবং ১৯৯৯ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের এক নেতাকে হত্যাচেষ্টার মামলা ছিল।

এর মধ্যে হত্যা মামলা দুটিতে তিনি বেকসুর খালাস এবং হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেয়েছেন বলে নির্বাচনের আগে দেওয়া হলফনামায় জানিয়েছিলেন।