২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই মামলায় হাজিরা দিলেন আ জ ম নাছির

২২ বছর আগের হত্যাচেষ্টা মামলাটি সচল হওয়ার প্রথম দিনে আদালতে হাজিরা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 04:56 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদার আদালতে তিনি হাজিরা দেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার পর গত ১ এপ্রিল নাছির এই মামলায় জামিন নেন। 

নাছিরের আইনজীবী চন্দন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ এপ্রিল তিনি জামিন নিয়েছেন। তাই আজ ধার্য দিনে আদালতে হাজির ছিলেন।”

সোমবার আদালতে মামলাটির বাদী সুফিয়ান সিদ্দিকীকে পুনরায় জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আ জ ম নাছির ও নিজাম হাজারীসহ পাঁচজন আসামি আদালতে হাজির ছিলেন।

১৯৯৩ সালে করা হত্যাচেষ্টা ‍মামলাটিতে ফেনী সদরের সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীও আসামি।

১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘির মাঠে দলীয় সভানেত্রী শেখ ‍হাসিনার জনসভায় সেসময়ের নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা হয়।

এ ঘটনায় সুফিয়ান সিদ্দিকী বাদী হয়ে নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। ওই বছরের ৭ মার্চ সব আসামির বিরুদ্ধে ‍অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার ১২ সাক্ষীর মধ্যে আট জনের সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষীদের অধিকতর জেরার আবেদন করে আসামিপক্ষ।

ওই আবেদন নাকচ হলে এক আসামি উচ্চ আদালতে ১৯৯৪ সালে রিভিশন মামলা করেন। মামলা স্থগিত চেয়েও উচ্চ আদালতে আবেদন করেন এক আসামি। সেই থেকে মামলাটি স্থগিত ছিল।

স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত বছর মার্চ মাসে হাই কোর্টের একটি বেঞ্চ রিভিশন মামলায় আদেশ দেন। এতে আগের আট সাক্ষীকে আবার জেরা ও ছয় মাসের মধ্যে মামলাটি শেষ করতে বলা হয়।

ওই আদেশটি এক বছর পর গত মাসে চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায়। এরপর আদালত আগামী ৬ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

নাছিরের বিরুদ্ধে এই মামলা ছাড়াও ১৯৯৩ সালের ১৮ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যালে তিন খুন, ১৯৯৪ সালে ইসলামিয়া কলেজে দুই খুন এবং ১৯৯৯ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের এক নেতাকে হত্যাচেষ্টা মামলা ছিল।

হত্যা মামলা দুটিতে বেকসুর খালাস এবং হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় উল্লেখ করেন নাছির।