২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইপাইল পর্যন্ত হবে এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্ততি নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

আগামী বছর এর নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে ‘ঈদে ঘরমুখো এবং কর্মস্থলমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভা’ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

যান চলাচলের জন্য আশুলিয়াকে একটি ‘সমস্যাগ্রস্ত’ এলাকা হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “এখানে প্রতিবারই সমস্যা হয়। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের সেতু বিভাগ জানিয়েছে এয়ারপোর্ট থেকে বাইপাইল পর্যন্ত যে ২২ কিলোমিটার রাস্তা সেখানে ভূমি অধিগ্রহণ করার মতো জায়গা নেই। ড্রেনেজ করে পানি সরানোর মতো জায়গাও এখানে নেই।

“কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো এই ২২ কিলোমিটারে নতুন একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবো।”

ইতোমধ্যে একটি দেশ তহবিল দিতে সম্মতি দিয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, “সে সম্মতিপত্র এখন ইআরডিতে জমা আছে। এটা আমাদের ব্যবসা বাণিজ্যের হাব। এটাকে এভাবে উপেক্ষিত রাখা যায় না।

“এ এক্সপ্রেসওয়ের কাজ আগামী বছরই শুরু করা যাবে। সে ব্যাপারে আমরা শুধু সিদ্ধান্তই নিইনি, আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এতদিন প্রস্তুতিটা একটু পিছিয়ে ছিল তাই আমরা বলিনি। এখন আমাদের প্রস্তুতি সম্পন্ন।”

ঢাকা-চট্রগ্রাম ছয়লেন এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি জানান, এই মহাসড়ক চারলেনে উন্নীতকরণের ১৪৩ কিলোমিটার কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি ছয়লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।

ছয়লেন এক্সপ্রেসওয়ে কিভাবে তৈরি করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “ছয়লেন এক্সপ্রেসওয়ে পুরোটাই কি এলিভেটেড হবে নাকি মাঝে মাঝে সমতল দিয়ে যাবে তা ঠিক করা হবে। দিল্লি থেকে আগ্রা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে রয়েছে সে আদলে করা যায় কিনা তাও বিবেচনা করা হবে।”

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সওজ প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।