২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন, আহত হন দুই বাসের অন্তত ১৫ যাত্রী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবসীর বরাত দিয়ে কোনাবাড়িস্থ সালনা মহাসড়ক থানার ওসি মো. দাউদ খান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিশ্চিন্তপুর এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে চন্দ্রাগামী স্কাইলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী আজমেরী পরিবহনের বাসের সংঘর্ষ হয়।

“এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে  উভয় গাড়ির চালকরা সিটে আটকা পড়েন এবং ঘটনাস্থলে স্কাইলাইন বাসের চালক মারা যান।”

ওসি জানান, এতে ওই মহাসড়কে গাড়ি চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে পুলিশ বাস দুইটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।