২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ডের ওয়েবসাইট ফিরেছে

হ্যাকিংয়ের শিকার হওয়ার পর বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর (কোস্ট গার্ড) ওয়েব সাইট পুনরুদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 11:12 AM

Updated : 22 Aug 2022, 12:51 PM

কোস্ট গার্ডের মহা-পরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু হ্যাকার আমাদের ওয়েবসাইটের ইউআরএল হ্যাক করেছিল। মেরামত করে তা আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।”

বুধবার সকালে কোস্ট গার্ডের ওয়েব ঠিকানায় (http://www.coastguard.gov.bd/) গিয়ে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘হ্যাকড বাই পাক সাইবার পাইরেটস’।

এর নিচে রোমান হরফে একটি বার্তায় বাংলাদেশিদের ‘ভাই’ সম্বোধন করে বলা হয়, “সাম অফ ইওর কিডস আর ট্রাইং টু প্লে উইথ পাক সাইবার স্পেস! উই ওয়ার্নড দেম অলরেডি বাট দে আর স্টিল ডুইং সেইম শিট! সো উই হ্যাভ টু প্রুভ টু দিজ কিডস দ্যাট হু ইজ পাপা হেয়ার!

হ্যাকারদের বার্তার শেষ অংশের বাংলা তর্জমা ছিল এরকম-, “তোমাদের ছেলেদের এ ধরনের কাজ থামানো উচিৎ….আমরা সবসময় বাংলার মানুষকে আমাদের ভাই মনে করি.. রাজনীতি এখানে কোনো বিষয় নয়।”

সে সময় গুগল সার্চের মাধ্যমে কোস্ট গার্ডের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করা হলেও আক্রান্ত ইনডেক্স পৃষ্ঠায় হ্যাকারদের ওই বার্তা দেখা যায়। তবে http://www.coastguard.gov.bd/main/ পৃষ্ঠায় তখনও হোম পেইজ দেখা যাচ্ছিল।

কোস্ট গার্ডের একজন কর্পোরাল নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অফিসে এসেই তারা ওয়েবসাইটের ওই অবস্থা দেখতে পান এবং আইটি টিমকে খবর দেন।

‘পাক সাইবার পাইরেটস’ এর ফেইসবুক পেইজে দেখা যায় সেখানে কোস্ট গার্ডের হ্যাক করার পর ইনডেক্স পৃষ্ঠার লিংক দেওয়া হয়েছে গত সোমবার।  

পাকিস্তানের এই হ্যাকার গ্রুপটি গত মে মাসে জাতীয় সংসদের ওয়েব সাইটও হ্যাক করেছিল।

পুরনো খবর:

কোস্ট গার্ডের ওয়েবসাইট আক্রান্ত