রাজবাড়ীতে ডাকাতির আসামি গ্রেপ্তার, গোলাগুলি
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ডাকাতির মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে।
কালুখালী থানার ওসি নুরে আলম ফকীর জানান, সোমবার গভীর রাতে দুর্গাপুর এলাকায় ওই ঘটনায় ওই ব্যক্তিসহ চার পুলিশ সদস্য আহত হন।
গ্রেপ্তার আইয়ুব আলী (৩৫) কালুখালীর দামুকদিয়া গ্রামের আবেদ আলীর ছেলে।
ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আইয়ুব আলীর দেওয়া তথ্যমতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে একটি বাগানে অস্ত্র রাখার কথা জানান।
ওসি জানান, পরে পুলিশ সেখানে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে দুই রাউন্ড গুলি ও একটি দেশে তৈরি রিভলবার উদ্ধার করে।
উদ্ধার কাজ চালানোর সময় আইয়ুব আলীর সহযোগীরা পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আইয়ুবের ডান পায়ে গুলি লাগে বলে জানান ওসি।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে জানিয়ে ওসি বলেন, “আইয়ুব আলীর বিরুদ্ধে কালুখালী, পাংশা ও পাবনার আমিনপুর থানায় চারটি ডাকাতি মামলা রয়েছে।
“এছাড়া ২০১০ সালে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগেও পাংশা থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।”
এছাড়া এ ঘটনায়ও একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, গোলাগুলিতে আহত পুলিশ সদস্য এসআই অপূর্ব, তাজউদ্দিন, মৃত্যুঞ্জয় এবং কনস্টেবল আশরাফুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
