২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে চিরনিদ্রায় লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল

হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 10:50 PM

Updated : 11 Aug 2022, 10:50 PM

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মারা যাওয়া সেনা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনকে ঢাকার বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গত ২৭ জুলাই হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হন র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় ইসমাইলের মরদেহ দেশে পৌঁছায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রাজধানীর কালশীতে ইসমাইল হোসেনের বাসার কাছে বাইতুর রহমান জামে মসজিদে বুধবার রাতে তার জানাজা হয়। বৃহস্পতিবার সকালে তার কফিন নিয়ে যাওয়া হয় র‍্যাব সদরদপ্তরে।

সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও র‍্যাব মহাপরিচালকের উপস্থিতিতে গার্ড অফ অনার দেওয়ার পাশাপাশি ফুলেল শ্রদ্ধা জানানো হয় লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলকে।

বেলা সাড়ে ১১টায় র‍্যাব সদরদপ্তরে এবং জোহরেরর পর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দুই দফা জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়।

৪৫ বছর বয়সী ইসমাইল স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।