২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: দায়রা আদালতে সাক্ষ্য চলছে

বিডিআর বিদ্রোহে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনীন সদরদপ্তরের ওইদিনের ঘটনা বর্ণনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 07:14 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনীন সদরদপ্তরের ওইদিনের ঘটনা বর্ণনা করেছেন। বুধবার ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতে তিনি বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় সাক্ষ্য দেন। একইদিন মামলার বাদী নিউমার্কেট থানার তৎকালীন ওসি মো. কামালউদ্দিনও এই আদালতে সাক্ষ্য দেন। বিদ্রোহের সময় তাসনীন তৎকালীন বিডিআর সিগন্যাল সেক্টরের কমান্ডিং অফিসারের দায়িত্বে ছিলেন। অস্ত্রের মুখে তুলে নিয়ে বিদ্রোহীরা তাকে দু'দিন আটকে রেখেছিল। তিনি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। সকাল পৌনে ১০টায় মামলার শুনানি শুরু হয়ে বিকাল আড়াইটায় শেষ হয়। এরপর শুনানি ২৯ সেপেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রম আবার শুরু হবে। আবু তাসনীন উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে কয়েকজন আসামির আইনজীবী তাকে জেরা করেন। এই জেরা পরবর্তী ধার্য তারিখেও চলবে। এর আগে মামলার বাদী নিউমার্কেট থানার তৎকালীন ওসি মো. কামালউদ্দিন সাক্ষ্য দেন। তিনি লালবাগ থানা থেকে মামলাটি তার থানায় অন্তর্ভুক্তির বিবরণ তুলে ধরেন। তাকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে ফৌজদারী কার্যবিধিতে। ওই বিদ্রোহের ঘটনার পরবর্তী সময়ে বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০১০০ ঘ.