ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮৪৭ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বাদির বক্তব্য শোনার মধ্য দিয়ে পিলখানা হত্যামামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বুধবার সকাল পৌনে ১০টায় পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসার পাশে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অস্থায়ী এজলাসে ঢাকার জজ আদালতের কার্যক্রম শুরু হয়।
আদালতে প্রথমেই সাক্ষ্য দেন বাদি লালবাগ থানার ঘটনার সময়কার ওসি নবজ্যোতি খিসার। দুপুর ২টা পর্যন্ত তার সাক্ষ্য নেওয়া হয়। তিনি আদালতে তিন পাতার একটি এজাহার উপস্থাপন করেন।
এরপর মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলমের আইনজীবী রমজান খান ও আমিনুল ইসলাম জিজ্ঞাসাবাদ করেন নবজ্যোতি খিসাকে।
বাদির সাক্ষ্যগ্রহণের পর আদালত ৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ৮৩১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন গত ১০ অগাস্ট করেছিলো রাষ্ট্রপক্ষ। হত্যা মামলায় বাদির সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিদের আবেদনের শুনানি দুপুরে শুরু হয়েছে।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।
আসামির সংখ্যা অনেক হওয়ায় আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের এজলাস বসিয়ে এই বিচার চলছে।
রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24