ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় ৮৪৭ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
বুধবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসার পাশে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে অভিযোগ গঠনের শুনানির তৃতীয় দিনে ১০৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পন্ন হয়।
হত্যামামলায় ৮৪৭ জন অভিযুক্ত হওয়ার পর একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ৮৩১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে এরপরই আদালত ২৪ অগাস্ট পর্যন্ত মুলতবি হয়। ওই দিন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
অভিযোগ গঠন শেষে আদালত মুলতবির আগে বিচারক জহুরুল হক আসামিদের উদ্দেশে বলেন, "আপনারা অপ্রাসঙ্গিক কথা বলে আদালতের সময় ক্ষেপণ করবেন না। আপনাদের কথাগুলো আইনজীবীকে বলেন। আইনের মধ্যে থেকে আমরা সবাইকে ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করব।"
আসামিদের মধ্যে যারা আইনজীবী নিয়োগ করেননি, রাষ্ট্র তাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেবে বলে বিচারক জানান।
অভিযোগ গঠন শেষে আসামিপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে ফারুক আহমেদ বলেন, "এই মামলার অভিযোগ গঠন প্রক্রিয়া সঠিক ছিল না। এ বিষয়টি নিয়ে আমরা উচ্চ আদালতে যাব।"
বিস্ফোরক আইনে করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরকের মাধ্যমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যারা নিহত হয়েছেন- সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন। আর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে মাত্র ১৭ জনের কাছ থেকে। তারপরও এই মামলায় ৮৩১ জনকে আসমি করা হয়েছে। এ বিষয়টিও ঠিক হয়নি।
বুধবার সকাল ১০টায় শুনানি শুরুর কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে আসামিদের হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। আসামিদের হাজির করা হলে দুপুর ১২টার পর শুনানি শুরু হয়।
এ মামলায় মোট আসামির সংখ্যা ৮৪৭ জন। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুও রয়েছেন।
গত ২০ জুলাই অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।
আসামির সংখ্যা অনেক হওয়ায় আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের এজলাস বসিয়ে এই বিচার চলছে।
রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/২১২৯ ঘ.
bdnews24