ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের মামলায় অভিযোগপত্রে নাম ছিল এমন জওয়ানদের সাক্ষী করে নিরপরাধ ব্যক্তিদের হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবী।
বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যা মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানিতে এ অভিযোগ করা হয়।
আসামি পক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, বিডিআর বিদ্রোহের মামলায় অভিযুক্ত ৮৬ জওয়ানকে হত্যা মামলায় সাক্ষী করা হয়েছে। অস্ত্র বহনকারী বিদ্রোহীদের সাক্ষী বানিয়ে এই মামলার তদন্ত করা হয়েছে।
এই অভিযোগের জবাবে সরকার পক্ষে প্রসিকিউটর অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল বলেন, তদন্ত কর্মকর্তা দেশের প্রচলিত আইন অনুযায়ীই এই মামলার অভিযোগপত্র দিয়েছেন।
আদালতে মোট ৪৫২ জন আসামির অব্যাহতির আবেদনের ওপর শুনানি হয় এদিন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক বিকেল ৫টায় আদালত মুলতবি করার আগে জানান, আগামী ২০ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।
গত ২৩ মে ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষে ২০ জুন অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হয়।
ওই ঘটনায় বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।
রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। এ বাহিনীর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24