ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হত্যা মামলায় অনিয়মের অভিযোগ এনে পুনঃতদন্ত দাবি করেছেন ফারুক আহাম্মদ নামে আসামিপক্ষের এক আইনজীবী।
মঙ্গলবার অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের শুনানিতে তিনি এ দাবি করেন।
দুপুর ২টা ২০ মিনিটে আদালত মুলতবি করে আগামী ১৩ জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে। এদিন ২১৫ জনের অব্যাহতির আবেদন পড়ে শোনানো হয়।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাদের মক্কেলদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। ফারুক এই মামলার ৪০ জন আসামির আইনজীবী।
শুনানিতে তিনি দাবি করেন, ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহার ক্রটিপূর্ণ। ন্যায় বিচারের স্বার্থে এই মামলায় পুনঃতদন্ত হওয়া প্রয়োজন।
ফারুক বলেন, এ মামলার বাদী লালবাগ থানার ওসি নবজ্যোতি খিসা। পিলখানা তার আওতাধীন এলাকা না হওয়া সত্ত্বেও অতি উৎসাহী হয়ে তিনি এ কাজ করেছিলেন। এই ভুল ধরা পড়ার পর ২০০৯ সালের এপ্রিলে মামলাটি নিউ মার্কেট থানায় স্থানান্তর করা হয়। দায়েরের সময় যে মামলায় এত বড় ত্র"টি থাকে- সেই মামলা থেকে ন্যায় বিচার আশা করা যায় না।
"মেজর কামরুজ্জামান এই মামলার জবানবন্দিতে বলেছেন, বিদ্রোহের দিন পিলখানায় ধূসর রংয়ের গাড়ি এসেছে। এছাড়া যে খোসা পাওয়া গেছে, তা বিডিআরের ব্যবহৃত গুলির নয়। তাই আমার মনে হচ্ছে, এখানে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে। যা পুনঃতদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে।"
আওয়ামী লীগ নেতা ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস ও শেখ সেলিম তাদের জবানবন্দিতে বিদ্রোহের আগে বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন উল্লেখ করে এই আইনজীবী বলেন, "সিআরপিসির ৪৪ ধারা অনুযায়ী কোনো অপরাধ ঘটার তথ্য কেউ জানতে পারলে তা আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হয়। তা না হলে দণ্ডবিধির ২০২ ধারা অনুযায়ী তারাও অপরাধী সাব্যস্ত হবেন।"
ফারুক অভিযোগ করেন, কাউকে কোনো মামলায় আসামি করতে হলে, কেন তা করা করা হচ্ছে সেটা বিস্তরিত উল্লেখ করতে হয়। এই মামলার ক্ষেত্রে তা করা হয়নি। এছাড়া অপরাধ সংগঠনের দিন উল্লেখ থাকলেও সময় সুনির্দিষ্ট করা হয়নি।
তিনি বলেন, এজাহারে বলা হয়েছে, বাদি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি ঘটনার সার্বিক পর্যালোচনা শেষে মামলাটি দায়ের করছেন। অথচ মামলার এজাহারে সার্বিক পর্যালোচনার কোনো তথ্যও তুলে ধরা হয়নি।
আইনজীবী বলেন, "এই মামলায় জামিনযোগ্য অপরাধে অনেকে আটক আছেন। তাদের জামিন আবেদন এই আদালত শুনানি করছে না। এখানে শুনানি না হওয়ায় তারা উচ্চ আদালতেও যেতে পারছেন না।"
সিআরপিসির ৯ (২) ধারা অনুযায়ী এই আদালত বসেছে উল্লেখ করে ফারুক বলেন, এজলাসে বসেই বিচারককে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। এজলাসের বাইরে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
এর আগে গত ১৩ জুন এ শুনানির দিন ধার্য থাকলেও হরতালের কারণে আসামিদের আদালতে হাজির করতে না পারায় তা ২০ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছিল উল্লেখ করে বিচারকের উদ্দেশে তিনি বলেন, "মহানগর আদালতে বসে আপনি শুনানির তারিখ পরিবর্তন করেছেন। এটা আপনি করতে পারেন না।"
এ সময় আদালত বলে, "ভুলতো মানুষেরই হয়। আমাদের ভুল হলে আপনি হাইকোর্টে যেতে পারেন।"
গত ২৩ মে ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষে ২০ জুন পিলখানা হত্যা মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। ওই ঘটনায় বিদ্রোহ এবং হত্যা-লুণ্ঠনের অভিযোগে আলাদাভাবে বিচার চলছে।
রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। এ বাহিনীর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৭৫৮ ঘ.
bdnews24