গাজীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর (বিজিবি) বিদ্রোহ মামলায় খালাস পাওয়া ৯ সদস্য কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বিজিবি সদর দপ্তরের বিশেষ আদালত-৭ এর সদস্য সাইদ হাসান তাপস স্বাক্ষরিত আদেশ অনুযায়ী এই ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে বলে ঢাকা কেন্দ্রিয় কারাগারের ২নং ইউনিটের কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ৯ জন কারাগার থেকে মুক্তি পান। তারা সবাই ২৪ ব্যাটালিয়নের সদস্য। তারা ঢাকার পিলখানায় সদর দপ্তরে যোগ দেবেন।
খালাস প্রাপ্তরা হলেন-গোপালগঞ্জের মুকসুদপুর থানার কহালদিয়া গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে ল্যান্স নায়েক আবুল কালাম আজাদ, পিরোজপুরের মঠবাড়িয়া থানার সবুজ নগর গ্রামের আ. সালামের ছেলে সিপাহী মো. রিয়াজুল ইসলাম, টাঙ্গাইলের গোপালপুর থানার মজিদপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সিপাহী শেখ মো. শামিম রেজা, ফেনীর দাগনভূঁইয়া থানার ধর্মপুর গ্রামের মৃত রবীন্দ্র কুমার দেব নাথের ছেলে শ্রী তপন কুমার দেব নাথ, পাবনার ফরিদপুর থানার দীঘলিয়া গ্রামের মোরশেদ আলমের ছেলে হাবিলদার আব্দুল খালেক, রাজশাহীর চরঘাট থানার শিমুলিয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে সিপাহী হাবিবুর রহমান, হবিগঞ্জের মাধবপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে সিপাহী মো. এমরান মিয়া, যশোরের কোতোয়ালী থানার পাঁচ বাড়িয়া গ্রামের আ. মালেকের ছেলে সিপাহী মো. রবিউল ইসলাম ও ময়মনসিংহের গফরগাঁও থানার চরম ছলন্দ গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে সিপাহী মো. শাহীন ফরাজী।
এদের মধ্যে প্রথম দু'জন কাশিমপুরে ঢাকা কেন্দ্রিয় কারাগারের ১নং ইউনিটে এবং অন্যরা ২নং ইউনিটে বন্দি ছিলেন।
সোমবার পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত ৬৬৬ জন আসামির মধ্যে ৬৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেয় এবং ৯ জনকে খালাস দেয়।
৬৫৭ জনের মধ্যে ১০৮ জনকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিত প্রত্যেককে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।
গত বছর ২০ জুন ওই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।
সব আসামিকে অভিযোগ পড়ে শোনানোর পর ২৬ জুন তাদেরকে অভিযুক্ত করা হয়।
৪ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তা চলে এ বছরের ১৬ মার্চ পর্যন্ত। মামলায় মোট সাক্ষী ছিলেন ৫৮ জন। আসামিদের পক্ষে সাফাই সাক্ষী ছিলেন ৮৬।
৪৮ কার্যদিবসে এই মামলার কার্যক্রম সোমবার শেষ হয়েছে।
২০০৯ সালের ফেব্র"য়ারিতে তৎকালীন বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় ওই বছরের ৩১মার্চ অভিযোগ দায়ের করেন ২৪ ব্যাটালিয়নের সুবেদার মো. মতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৩৭ ঘ.
bdnews24