ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ বিজিবি ব্যাটালিয়নের ৬৬৬ আসামির মধ্যে ১০৮ জনের সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে। খালাস পেয়েছেন নয় জন।
সোমবার পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এর সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম এ রায় দেন। রায়ের দিন সাজা কার্যকর হবে।
অপরাধ প্রমাণিত হওয়ায় মোট ৬৬৬ আসামির মধ্যে ৬৫৭ জনকে সাজা দিয়েছে আদালত। এর মধ্যে সর্বোচ্চ সাজা সাত বছর সশ্রম কারাদণ্ড হয়েছে ১০৮ জনের। অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সর্বনিু চার মাস কারাদণ্ড হয়েছে ৮৯ জনের।
দণ্ডিত প্রত্যেককে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।
৬৬৬ আসামির সবার রায় আলাদাভাবে পড়ে শোনানো হয়। পুরো রায় পড়তে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। মাঝে আধা ঘণ্টা বিরতি দেওয়া হয়।
রায় ঘোষণা চলাকালে দুই জন করে আসামিকে কাঠগড়া থেকে নামিয়ে সরাসরি প্রিজন ভ্যানে উঠানো হয়।
৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নয় জনকে, ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আট জনকে, সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তিন জনকে, ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ২৬ জনকে, সাড়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৫৭ জনকে, ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৫২ জনকে, আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ১৮ জনকে, ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৮২ জনকে, দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৫৫ জনকে, ১ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে দুজনকে, ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৬৭ জনকে, ৯ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে ৩৪ জনকে, ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৭ জনকে।
খালাস পাওয়া নয় জন হলেন- হাবিলদার আব্দুল খালেক, নায়েক শ্রী তপন কুমার দেবনাথ, ল্যান্স নায়েক আবুল কালাম আজাদ, সিপাহি শেখ মো. শামীম রেজা, মো. রিয়াজুল ইসলাম, মো. শাহীন ফরাজী, মো. রবিউল ইসলাম, মো. এমরান মিয়া এবং হাবিবুর রহমান।
এ মামলার মোট সাক্ষী ছিলেন ৫৮ জন। আসামিদের পক্ষে সাফাই সাক্ষী ছিলেন ৮৬ জন। মোট ৪৮ কার্যদিবসে এ মামলার কার্যক্রম শেষ হলো।
রায়ের পর প্রসিকিউটর মেজর খান মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, আদালত মোবাইল কললিস্ট, অতীত কার্যক্রমসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে রায় দিয়েছে।
দোষ স্বীকারকারী ৩১ জনের মধ্যে তিন জন খালাস পেয়েছেন বলে জানান তিনি। বাকিদের সাজা কম হয়েছে। আসামিদের মধ্যে আট জন মুক্তিযোদ্ধা ছিলেন, যাদের প্রত্যেকের সাজা হয়েছে।
গত বছরের ৩১ মার্চ ৬৬৮ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে এ মামলার অভিযোগ দায়ের করেন ব্যাটালিয়নের সুবেদার মতিউর রহমান। আসামিদের মধ্যে দুজনের মৃত্যু হওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন- নায়েক মো. জয়নাল আবেদীন ভূইয়া এবং হাবিলদার মো. মতিউর রহমান।
এ মামলার আসামিদের মধ্যে ৩৫৫ জন পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলায় অভিযুক্ত।
গত বছরের ২০ জুন এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। সব আসামিকে অভিযোগ পড়ে শোনানোর পর ২৬ জুন অভিযোগ গঠন করা হয়। গত ৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে এ বছরের ১৬ মার্চ তা শেষ হয়।
এ মামলার বিচার চলাকালে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আসামি সিপাহী আবদুল বাছেদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সতর্কও করা হয় কয়েকজনকে।
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় মোট ১১টি মামলার মধ্যে এনিয়ে চারটি মামলার রায় হলো। দুটির রায় দিলেন বিজিবির বিদায়ী মহাপরিচালক রফিকুল। এ মাসেই তিনি রাইফেল সিকিউরিটি ইউনিটের বর্তমানে বিজিবি সিকিউরিটি ইউনিটের রায় দেন।
২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে রক্তাক্ত বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা প্রাণ হারান।
বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার হচ্ছে প্রচলিত আইনে সাধারণ আদালতে।
বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/আরএ/১৮৩২ ঘ.
bdnews24