২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'পিলখানা বিদ্রোহের মহানায়কদের আড়াল করা হচ্ছে'

পিলখানা হত্যা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অব্যাহতির আবেদনের শুনানিতে তার আইনজীবী বলেছেন, এ মামলার পেছনে অনেক 'মহানায়ক' থাকলেও তাদের আড়াল করে নিরীহ সিপাহীদের আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অব্যাহতির আবেদনের শুনানিতে তার আইনজীবী বলেছেন, এ মামলার পেছনে অনেক 'মহানায়ক' থাকলেও তাদের আড়াল করে নিরীহ সিপাহীদের আসামি করা হয়েছে। সোমবার ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত আদালতে বিকাল ৪টা পর্যন্ত বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলম ও পিন্টুসহ মোট ১৬৯ জনের অব্যাহতির আবেদন পড়ে শোনানো হয়। এর আগে গত ২৩ মে শোনানো হয় ১১ জনের আবেদন। বিকাল ৩টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শেষে আগামী ৫ জুলাই পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। অব্যাহতির আবেদনে পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন, "ওই বিদ্রোহের আগে সিপাহীরা ব্যরিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করে তাদের দাবি জানিয়েছিলেন। আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বৈঠকও করেছিলেন। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তারা এই বিদ্রোহের সব কিছু জানতেন; কিন্তু ব্যবস্থা নেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে পিন্টুকে এ মামলায় জড়ানো হয়েছে।" এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, "আসামি পক্ষের আইনজীবীর এ অভিযোগ ঠিক নয়। বিডিআর সদস্যরা তাদের দাবির বিষয়ে সরকার দলীয় নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। নেতারা যথাসম্ভব তাদের দাবি পূরণের বিষয়ে আশ্বাসও দিয়েছিলেন এবং তারা তাদের (আসামিরা) জবানবন্দিতে এ কথা স্বীকারও করেছেন। কিন্তু সরকার গঠনের ৫৯ দিনের মধ্যেতো আর সব দাবিপূরণ করা সম্ভব নয়।" এর আগে সকাল সাড়ে ৯টার পর আদালতের কার্যক্রম শুরু হয়। গত ১৩ জুন এ শুনানির দিন ধার্য থাকলেও হরতালের কারণে আসামিদের আদালতে হাজির করতে না পারায় তা ২০ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছিল। গত ২৩ মে ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। ওই ঘটনায় বিদ্রোহ এবং হত্যা-লুণ্ঠনের অভিযোগে আলাদাভাবে বিচার চলছে। রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্তরক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএ/জেকে/১৯০০ ঘ.