ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর মামলায় কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিন স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পিন্টুকে জামিন দিয়ে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন তিনি।
আগামী রোববার শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পিন্টুর আইনজীবী ব্যরিস্টার খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
এছাড়া পৃথক মামলায় অপর বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর জামিন 'নো অর্ডার' দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ওপর আগামী বৃহস্পতিবার শুনানি হবে।
গত মঙ্গলবার হাইকোর্ট দুজনের পৃথক আবেদনে তাদের জামিন দিয়েছিলো।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলায় পিন্টুকে ছয় মাস অথবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়। অন্যদিকে, ২০০১ সালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার অভিযোগে দায়ের মামলায় আব্দুস সালাম পিন্টুকে দেওয়া হয় ছয় মাসের জামিন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্র"য়ারি এ মামলা হয়। এতে পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
এ মামলায় ২০০৯ সালের ২ জুন গ্রেপ্তার করা হয় পিন্টুকে।
অন্যদিকে, ২০০১ সালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার অভিযোগে দায়ের মামলায় আব্দুস সালাম পিন্টুকে ২০০৯ সালের ৯ নভেম্বর গ্রেপ্তার দেখানো হয়। ২০০১ সালের ১৭ জুন এ মামলাটি করা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৩১ ঘ.
bdnews24