২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: রায় চ্যালেঞ্জের রিট খারিজ

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিশেষ আদালতের রায় চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় বিশেষ আদালতের রায় চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। আদেশে বলা হয়, আবেদনকারী বিডিআর সদস্যের বিচারে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বলে আইনজীবী যুক্তি দেখালেও এর পক্ষে প্রমাণ হাজির করতে পারেননি তিনি। "বরং বাংলাদেশ রাইফেলস অর্ডার-১৯৭২ এর ২(২)(ঝ) অনুযায়ী আদালতকে সহযোগিতা করতেই তারা সেখানে ছিলেন এবং সেভাবেই রায়ে স্বাক্ষর করছেন।" আদালত বলেছে, অভিযুক্ত বিডিআর সদস্যদের ইচ্ছা অনুযায়ী আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি বলে রিটকারীর আইনজীবী যে অভিযোগ করেছেন, তাও সঠিক নয়। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাধারণ নাগরিকদের মতো মৌলিক অধিকার পায় না। এ কারণেই তারা হাইকোর্টে রিট করতে পারেন না। এটা জেনেই তারা চাকরিতে আসেন।" তিনি বলেন, "এই বিদ্রোহের বিচার নিয়ে সুপ্রিম কোর্টে পাঠানো রাষ্ট্রপতির রেফারেন্সের কারণে বিদ্রোহে অংশগ্রহণকারীরা বেঁচে গেছেন। ওই রেফারেন্সের কারণেই এই বিচার আর্মি অ্যাক্টে (সেনা আইনে) না হয়ে বিডিআর আইনে হচ্ছে।" আবেদনকারীর আইনজীবী ব্যরিস্টার এস এম জাকির হোসেন সাংবাদিকদের বলেন, "রিটকারীর সঙ্গে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা। আমি মনে করছি, এই রিটের আইনি ভিত্তি অত্যন্ত শক্তিশালী।" ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বিদ্রোহের ঘটনায় বিচার হয় পুরনো বিডিআর আইনে। বিদ্রোহের সময় অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আইনানুগ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্যতা প্রকাশ করে ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের অভিযোগে গত ২৪ ফেব্র"য়ারি বিডিআরের (বিজিবি) সাবেক নায়েক মো. ইব্রাহিমকে ৬ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে চট্টগ্রামের বিশেষ আদালত। ২২ মে এই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন ইব্রাহিম। তার আবেদনে বলা হয়, যে বিশেষ আদালতে ইব্রাহিমের সাজা হয়েছে, তা বাংলাদেশ রাইফেলস অর্ডার-১৯৭২ এর ২(ট) অনুযায়ী গঠন করা হয়নি। কারণ ওই আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি প্যানেল বিচারকদের সঙ্গে বসে বিচার কাজে অংশ নিয়েছেন। সুতরাং সংবিধানের ৪৫ ও ১০২ অনুচ্ছেদ অনুযায়ী ওই বিচার প্রক্রিয়া অবৈধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৮৫৬ ঘ.