চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় চন্দনাইশ উপজেলার এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে চট্টগ্রামের আদালতে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন চন্দনাইশের মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী।
বিচারক ফরিদা ইয়াছমিন মামলাটি তদন্তের জন্য চন্দনাইশ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদির আইনজীবী।
চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ সৈয়দ চৌধুরীকে প্রধান আসামি এবং তার সহযোগী হিসেবে আরও ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
তিনি জানান, মামলায় সাক্ষী হিসেবে বান্দরবানের সাবেক জেলা প্রশাসক আবদুল হকসহ নয় জন মুক্তিযোদ্ধাকে সাক্ষী করা হয়েছে।
মামলায় বলা হয়, ১৯৭১ সালের ২৯ নভেম্বর বিকালে চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের আওয়ামী লীগের সংগঠক আবদুস সবুর খান ও তার সঙ্গীরা মুক্তিযোদ্ধা জসিমের বাড়ি থেকে গোপন বৈঠক শেষে ফেরার পথে তৎকালীন সময়ে শান্তি কমিটির সদস্য আহমদ সৈয়দ চৌধুরীর নেতৃত্বে কয়েকজন রাজাকার বশরতনগর রশিদিয়া মাদ্রাসার সামনে তাদের পথ আটকে গুলি করেন।
এতে সবুর মারা যান এবং জসিমসহ অন্যান্যরা আহত অবস্থায় পালিয়ে যায়। চারদিন পর শঙ্খ নদীর সেনের চর থেকে সবুরের লাশ উদ্ধার করা হয়।
প্রধান আসামি আহমদ সৈয়দ দেশ স্বাধীনের পর পালিয়ে গেলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় ফিরে আসে এবং বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় সাংবাদিকরা জানান, আহমদ সৈয়দ চৌধুরী বিভিন্ন সময়ে বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এমআই/১৬২৫ ঘ.
bdnews24