ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় দেওয়া রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ শুনানি শেষে মুলতবির এই আদেশ দেয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যরিস্টার এসএম জাকির হোসেন এবং সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়। বিদ্রোহের ঘটনায় বিচার হয় পুরনো বিডিআর আইনে।
শুনানিতে জাকির হোসেন বলেন, যে ট্রাইব্যুনালে আমার মক্কেলের শাস্তিহয়েছে সেটি বাংলাদেশ রাইফেলস অর্ডার-১৯৭২ এর ২ (ট) অনুযায়ী গঠন হয়নি। কারণ ওই ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি অন্যান্য প্যানেল বিচারকদের সঙ্গে বসে বিচার কাজে অংশ নিয়েছেন। সুতরাং সংবিধানের ৪৫ ও ১০২ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান রিটটি চলতে পারে এবং ওই বিচার প্রক্রিয়া অবৈধ।"
পরে শুনানিতে অংশ নিয়ে মাহবুবে আলম বলেন, ওই আইন চ্যালেঞ্জের সুযোগ এর আগেও ছিল। কিন্তু তখন চ্যালেঞ্জ করা হয়নি। এখন বিচার অনেকদূর এগিয়ে গেছে। এই পর্যায়ে এসে রিটটি চলতে পারে না।
পরে আদালত আগামী সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করে।
রোববার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত বিডিআরের (বিজিবি) সাবেক নায়েক মো. ইব্রাহিম এই রিট করেন। ওই দিনই সংক্ষিপ্ত শুনানি হয়। পরদিন সরকার পক্ষ সময় প্রার্থনা করলে আদালত মঙ্গলবার পর্যন্তশুনানি মুলতবি করেছিলো।
অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আইনানুগ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্যতা প্রকাশ করে ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের অভিযোগে গত ২৪ ফেব্র"য়ারি মো. ইব্রাহিমকে ৬ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ওই সাজা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৫ অনুচ্ছেদের পরিপন্থী দাবি করে রিটে হাইকোর্টের কাছে জামিনের আবেদনও করেছেন ইব্রাহিম।
রিটে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালকসহ পাঁচ জনকে বিবাদী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৫০ ঘ.
bdnews24