২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: রায় চ্যালেঞ্জ করে রিট আবেদন

সীমান্ত রক্ষী বাহিনীতে বিদ্রোহের ঘটনায় দেওয়া রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সাজাপ্রাপ্ত এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত রক্ষী বাহিনীতে বিদ্রোহের ঘটনায় দেওয়া রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সাজাপ্রাপ্ত এক ব্যক্তি। চট্টগ্রামের বিশেষ আদালতে সাজাপ্রাপ্ত বিডিআরের (বিজিবি) সাবেক নায়েক মো. ইব্রাহিম রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন করেন। সরকারি আইন কর্মকর্তা ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ রিটটি দায়ের করার পর শুনানি হয়েছে। আগামীকাল আবার শুনানি হবে।" অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আইনানুগ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্যতা প্রকাশ করে ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের অভিযোগে গত ২৪ ফেব্র"য়ারি মো. ইব্রাহিমকে ৬ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। ওই সাজা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৫ অনুচ্ছেদের পরিপন্থী দাবি করে হাইকোর্টের কাছে জামিনের আবেদন করেছেন ইব্রাহিম। রিটে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালকসহ পাঁচ জনকে বিবাদী করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বিদ্রোহের ঘটনায় বিচার হয় পুরনো বিডিআর আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/জেকে/১৬৫২ ঘ.