ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছর আগের বিদ্রোহে জড়িত থাকায় বিজিবি'র ঢাকা সেক্টরের 'সেক্টর সদর' ইউনিটের ৮৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজা পেয়েছেন ২৩ জওয়ান।
বিডিআর বিদ্রোহে গঠিত বিশেষ আদালত-১১ এর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ময়মনসিংহ সেক্টরের অধিনায়ক কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ বুধবার সকাল ৯টা ২২ মিনিটে আদালতে বসেন এবং টানা প্রায় এক ঘণ্টা রায় পড়ে শোনান।
অভিযুক্তদের কেউই খালাস পাননি। সবাইকেই সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
২৩ জনকে সর্বোচ্চ সাজার পাশাপাশি ২ জনকে ৬ বছর, এক জনকে ৫ বছর, পাঁচ জনকে ৪ বছর, ১৯ জনকে ৩ বছর, পাঁচ জনকে ৩ বছর ৬ মাস, ১৩ জনকে ২ বছর, নয় জনকে ২ বছর ৬ মাস, এক জনকে ২ বছর ৯ মাস, তিন জনকে ১ বছর, এক জনকে ১ বছর ৬ মাস, এক জনকে ৯ মাস এবং ১ জনকে ৪ মাস সাজা দেওয়া হয়েছে।
সর্বোচ্চ সাজাপ্রাপ্ত ২৩ জনের মধ্যে আট জন পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলাও আসামি।
আসামিদের মধ্যে ৫ জন আদালতে দোষ স্বীকার করেছিলেন, তাদের সাজার মাত্রাও কম হয়েছে। এদের তিন জনকে ১ বছর, এক জনকে ৯ মাস ও এক জনকে ৪ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর থেকে দণ্ড কার্যকর হবে বলে বিচারক জানিয়েছেন।
পিলখানায় বিজিবি সদর দপ্তরের দরবার হলে স্থাপিত আদালতে ৮৪ আসামির সবার উপস্থিতিতে এ রায় হয়। রায়ের পর সভাপতি এজলাস ত্যাগ করার পরপরই আদালতের ভেতরেই কাঠগড়ায় থাকা আসামিরা উচ্চস্বরে বলছিলেন, তারা ন্যায়বিচার পাননি।
এ মামলার সাক্ষীর সংখ্যা ৩৩ জন। সাফাই সাক্ষী ১৮ জন।
বিদ্রোহের ঘটনায় 'সেক্টর সদর' ইউনিটের ৮৬ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে নায়েব সুবেদার শাহ আলম ভূঁইয়া গত বছর ২৩ ফেব্র"য়ারি মামলাটি দায়ের করেন। মামলার দুই আসামি সিপাহী নুরুল আলম ও সিপাহী মাসুদুর রহমান বিদ্রোহের পর থেকেই পলাতক থাকায় তাদের ছাড়াই ৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবারের রায়ে ৮৪ জনের বিরুদ্ধে ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। একজনের বিরুদ্ধে একাধিক অভিযোগও প্রমাণিত হয়েছে।
এছাড়া তৎকালীন মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করার অভিযোগ প্রমাণিত হয়েছে ৩৭ জনের বিরুদ্ধে, উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত না করে এবং বিদ্রোহ দমনের প্রচেষ্টা না করে বিদ্রোহে অংশ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ৭৩ জনের বিরুদ্ধে, অধিনস্তদের নিয়ন্ত্রণ না করে বিদ্রোহে অংশ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ২৬ জনের বিরুদ্ধে, সশস্ত্র অবস্থায় বিদ্রোহে অংশগ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে ২১ জনের বিরুদ্ধে, বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং লাশ গুমের সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে একজনের বিরুদ্ধে।
রায় ঘোষণার পর প্রসিকিউটর মেজর মো. তসলিম উদ্দিন সাংবাদিকদের জানান, গত বছর ২৩ ফেব্র"য়ারি এ মামলার বিচার শুরু হয়েছে। ১৮তম কার্যদিবসে রায় ঘোষণা করা হলো।
পিলখানায় ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের পর মোট ৫৭টি ইউনিটের ৬ হাজার ৪৬ জন জওয়ানের বিরুদ্ধে বিচার শুরু হয়। এর মধ্যে ঢাকায় ১১টি। ঢাকার বাইরের বাকি ৪৬টি ইউনিটের বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে।
ঢাকার বাইরের ৪৬টি ইউনিটের অভিযুক্ত ছিলো ১ হাজার ৯৫২ জন। এদের মধ্যে ১ হাজার ৮৯৩ জন বিভিন্ন মেয়াদে দণ্ড পেয়েছেন। বাকি ৫৯ জন খালাস পেয়েছেন।
ঢাকার ১১টি ইউনিটের অভিযুক্ত ৪ হাজার ৯৪ জন। বুধবার 'সেক্টর সদর' ইউনিটের রায়ের মধ্য দিয়ে ঢাকার দুটি ইউনিটের বিচার শেষ হলো। এই দুটি ইউনিটের মোট ১৯৫ জন বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন।
বাকি নয়টি ইউনিটের অভিযুক্ত জওয়ানের সংখ্যা ৩ হাজার ৮৯৯ জন।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচার করতে বেশ কয়েকটি আদালত গঠন করা হয়।
পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার হচ্ছে প্রচলিত আইনে। বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বিডিআর থেকে বিজিবি করা হয়।
আদালতে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল শাহাদত হোসেন এবং মেজর মজিবুর রহমান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে ছিলেন মোহাম্মদউল্লাহ কিসলু।
এ মামলার বিশেষ প্রসিকিউটর ছিলেন আইনজীবী মনজুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু এবং আইনজীবী মুনজুর আলম মুনজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/আরএ/১৭০৮ ঘ.
bdnews24