দিনাজপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় দিনাজপুরের ২ নম্বর বিজিবি ব্যাটালিয়নের ৫৬ জনের সাজা হয়েছে, খালাস পেয়েছেন এক জন।
বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১৩ এর সভাপতি দিনাজপুর বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সালেহ আহমেদ ব্যাটালিয়ন সদর দপ্তরে শনিবার এ রায় দেন।
সর্বোচ্চ ৭ বছর সাজা দেওয়া হয়েছে চার জনকে, সর্বনিম্ন চার মাস সাজা হয়েছে এক জনের। খালাস পেয়েছেন নায়েক সিগন্যাল নজরুল ইসলাম।
এছাড়া এক জনকে ৬ বছর, এক জনকে ৫ বছর, চার জনকে ৪ বছর, সাত জনকে ৩ বছর, ১৯ জনকে ২ বছর, সাত জনকে ২ বছর ৬ মাস, সাত জনকে ১ বছর, তিন জনকে ১ বছর ৬ মাস, এক জনকে ৩ বছর ৬ মাস, ১ জনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। রায়ের সময় অভিযুক্ত সব জওয়ান আদালতে হাজির ছিলেন।
২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের সময় অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়।
দিনাজপুরে দণ্ডিত এ সব জওয়ান ওই সময় অস্ত্র হাতে নিয়ে ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বলে আদালতে প্রমাণিত হয়।
রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বাংলাদেশ রাইফেলস-বিডিআর থেকে পরিবর্তন করে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪৪০ ঘ.
bdnews24