চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের ১৫৩ জওয়ানের মধ্যে ৮০ জনকে সর্বোচ্চ সাত বছর সাজা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন।
বৃহস্পতিবার নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ানে স্থাপিত বিশেষ আদালত-১৬ এর সভাপতি বিজিবির রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত জওয়ানরা আদালতে হাজির ছিলেন। সকাল ১০টায় রায় দেওয়া শুরু হয়ে ১১টায় তা শেষ হয়।
আসামিদের কেউই খালাস পায়নি।
আসামিদের চার জনকে দেওয়া হয়েছে সাড়ে ৬ বছর সাজা, ১৩ জন পেয়েছেন ৬ বছর, ১৬ জন সাড়ে ৫ বছর, ২৯ জন পেয়েছেন ৫ বছর সাজা, চার বছর সাজা দেওয়া হয়েছে ৫ জনকে। ৩ জনকে দেওয়া হয়েছে ৩ বছর সাজা, ২ বছর সাজা পেয়েছেন দুই জন এবং একজনকে দেড় বছর সশ্রম সাজা দেওয়া হয়েছে।
আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করেছে। সাজাপ্রাপ্তদের মধ্যে একজন সুবেদার মেজর, তিনজন সুবেদার, ১০ জন নায়েব সুবেদার, ২২ জন হাবিলদার, ১৬ জন নায়েক, ২১ জন ল্যান্স নায়েক ও ৮০ জন সিপাহী।
প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান সাংবাদিকদের জানান, আদালতের রায় অনুসারে বিদ্রোহে সাজাপ্রাপ্ত হওয়ায় সবাই বিজিবি থেকে চাকরিচ্যুত হবেন এবং তাদের সাজার মেয়াদ রায় ঘোষণার দিন থেকে কার্যকর হবে।
বিচার কাজ চলাকালে সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৪০ জন নিজেদের নির্দোষ দাবি করেন। এছাড়া ১১ জন আসামি তাদের দোষ স্বীকার করেন।
বিশেষ আদালতের বিচারক প্যানেলের অপর তিন সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রউফ, মেজর এম এ রাকিব এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
গত বছরের ৭ জুলাই সাতকানিয়ার বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে এই মামলার বিচার কাজ শুরু হয়। পরে তা হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ানে স্থাপিত বিশেষ আদালত-১৬ তে স্থানান্তরিত হয়।
এর আগে গত ৩০ মার্চ পর্যন্ত টানা আটদিনে বিশেষ আদালত ১৪৩ জন সাক্ষীর মধ্যে ৭৮ জনের সাক্ষ্য নেয়। ৬ এপ্রিল যুক্তি-তর্ক শুনানি অনুষ্ঠিত হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানা ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে (বর্তমানে বিজিবি ট্রেনিং সেন্টার) বিদ্রোহে অংশ নেয় জওয়ানরা।
রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/
bdnews24