যশোর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় যশোরের ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৬৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছেন এক জন।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এর প্রধান কর্নেল এহিয়া আজম খান বুধবার এ রায় দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে সাত জনকে সর্বোচ্চ ৭ বছর, দুই জনকে ৬ বছর, চার জনকে ৫ বছর এবং সাত জনকে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া একজনকে ৩ বছর, চার জনকে ২ বছর, চার জনকে ১ বছর ৬ মাস, ২৯ জনকে ১ বছর, চার জনকে ৬ মাস, এক জনকে ৪ মাস কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
রায়ের পর মামলার প্রসিকিউটর যশোর ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিব আলম এ তথ্য জানান।
২০০৯ সালে ২৫-২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। পরদিন ২৬ ফেব্রুয়ারি যশোরের ২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনা ঘটে।ওই সময় ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যশোরের এসব জওয়ান।
রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বিডিআর থেকে পরিবর্তন করে বিজিবি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24