২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় হত্যা-লুণ্ঠন শুনানি ৯ মে পর্যন্ত মুলতবি

বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৯ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৯ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে মঙ্গলবার সকাল ১০টায় শুনানি শুরু হয়। এদিন ২৬০ জনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। গত ১২ এপ্রিল এ মামলায় প্রথম শুনানি শুরু হয়। ওইদিন বিদ্রোহের সময় সরকারের সঙ্গে আলোচনায় নেতৃত্বদানকারী বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলম, বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। বিশাল সংখ্যক আসামির একত্রে বিচারের সুবিধার জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে কঠোর নিরাপত্তায় চলছে অস্থায়ী এ আদালতের কাজ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। এ অভিযোগ উত্থাপনের পর শুনানি শেষে অভিযোগ গঠন করে বিচারের তারিখ নির্ধারণ করবেন বিচারক। এ নিয়ে এই মামলায় ৮৫০ জন আসামির মধ্যে ৩৪০ জনের বিরুদ্ধে অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়েছে। এদের মধ্যে একজন মৃত। বাকি আসামিদের মধ্যে ২১ জন পলাতক। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ১২ জুলাই বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০০৯ সালে ফৌজদারি মামলায় দুটি অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। বিডিআর আদালতে বিদ্রোহের বিচার শুরুর এক বছরের বেশি সময় পর গত ৫ জানুয়ারি পিলখানায় ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এরপর আদালতের নির্দেশে এ মামলার অধিকতর তদন্তের পর গত ২১ মার্চ সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তাতে আগের আসামিদের সঙ্গে ২৬ জন যোগ হওয়ায় আসামির সংখ্যা ৮৫০ জনে দাঁড়ায়। হত্যা ও লুণ্ঠনের মামলার আসামির সংখ্যা ৮৫০ জন হলেও বিস্ফোরক আইনে দাখিল করা অভিযোগপত্রে ৮৩৪ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫৪০ ঘ.