চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় চাঁপাইনবাবগঞ্জের ৩৯ ব্যাটালিয়নের ২০ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন এক জন। সর্ব্বোচ্চ সাত বছর সাজা পাননি কেউ।
চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ মঙ্গলবার রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খাঁন এ রায় দেন।
দণ্ডিত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
রায়ে ছয় বছর সাজা পেয়েছেন ল্যান্স নায়েক মো. তাউস মিয়া ও সিপাহী মজিবুর রহমান। পাঁচ বছর সাজা দেওয়া হয়েছে চালক আব্দুল মান্নানকে। সিপাহি শিকদার জাহিদুল ইসলামকে চার বছর সাজা দেওয়া হয়েছে।
ল্যান্স নায়েক শফিকুর রহমান মো. আবুল বাশার, রনি আহমেদ ও রুহুল আমিনকে দেওয়া হয়েছে তিন বছর সাজা। দুই বছর ছয় মাস সাজা দেওয়া হয়েছে সিপাহি আব্দুল ওয়াজেদ প্রামাণিক ও আব্দুর রহিমকে।
সিপাহি নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম পেয়েছেন দুই বছর সাজা।
এক বছর ছয় মাস সাজা পেয়েছেন-সুবেদার মো. মোস্তফা মিয়া, হাবিলদার বেনুয়ার রহমান, হাবিলদার রুহুল আমিন, নায়েক এস্কান্দার আলী ও সিপাহী মোশফেকুর রহমান।
নায়েক রহমত আলী ও হাবিলদার পঞ্চানন দাসকে দেওয়া হয়েছে এক বছর সাজা। হাবিলদার জামাল মিয়া পেয়েছেন ছয় মাস সাজা।
খালাস পেয়েছেন সিপাহী সৈয়দ মনিরুল ইসলাম।
২০০৯ সালের ফেব্র"য়ারির শেষ দিকে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়।
সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ করে অনেক বিডিআর সদস্য।
এ ঘটনায় ওই বছরের ১৮ মে সদর থানার ওসি আহসানুল হক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন।
চলতি বছরের ২০ মার্চ ২১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিআর আইনে বিশেষ আদালত বসিয়ে বিদ্রোহের বিচার চলছে। তবে রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বিজিবি হলেও বিদ্রোহের বিচার পুরনো আইনেই হচ্ছে।
বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। কিন্তু নতুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আইনে এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৩ ঘ.
bdnews24