ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানির শেষে আদালতের কার্যক্রম আগামী ২৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে মঙ্গলবার সকাল ১০টায় শুনানি শুরু হয়।
বিদ্রোহের সময় সরকারের সঙ্গে আলোচনায় নেতৃত্বদানকারী বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলমের বিরুদ্ধে প্রথম অভিযোগ উপস্থাপন করা হয়।
এরপর একে একে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।
বিশাল সংখ্যক আসামির একত্রে বিচারের সুবিধার জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে কঠোর নিরাপত্তায় চলছে অস্থায়ী এ আদালতের কাজ।
টিনশেড ভবনে প্রচণ্ড গরমের কারণে আইনজীবীদের আবেদনে বেলা পৌনে ১২টার দিকে আদালত আধা ঘণ্টার জন্য মুলতবি করা হয়। এরপর পৌনে ১টার দিকে আদালত ২৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামি তৌহিদুল আলমকেই বিদ্রোহের নেতা হিসেবে চিহ্নিত করেন।
"তিনি পিলখানার অস্ত্রাগার ও গোলাবারুদ ভাণ্ডার লুট করেন, বেআইনিভাবে বিডিআরে কর্মরত কর্মকর্তাদের আটক ও পরবর্তীতে হত্যা, লাশ গুম, বিভিন্ন বাসায় অনধিকার প্রবেশ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সম্পদ লুণ্ঠন করেন", বলেন তিনি।
কাজল বলেন, "বিদ্রোহ চলাকালে তৌহিদুল আলম সরকারের বিনা অনুমতিতে নিজেকে বিডিআরের মহাপরিচালক ঘোষণা করেন। তিনি মেজর আসাদকে হত্যার নির্দেশ দেন।"
এ পর্যায়ে আদালত তৌহিদের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি সম্পূর্ণ নির্দোষ।"
পিন্টুর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বিদ্রোহ চলাকালীন সময়ে তিনি হত্যাযজ্ঞ ও লাশগুমে সহায়তা করেছেন। ২৪ ফেব্র"য়ারি করা ষড়যন্ত্রমূলক সভায় তিনি উপস্থিত ছিলেন। অপরাধ সংগঠনের পর তিনি বিদ্রোহীদেরকে পালাতে সহায়তা করেছেন। বিদ্রোহীদের সমর্থনে করা মিছিলে উপস্থিত থেকে হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন।
তোরাব আলীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রস্তাবনায় বলা হয়, তিনি সুপরিকল্পিত এ বিদ্রোহের কথা আগের দিন জানতে পেরেও কাউকে জানাননি।
তৌহিদ ছাড়া আর কোনো আসামির বক্তব্য জানতে চায়নি আদালত।
শুনানির পর পিন্টুর আইনজীবী মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের এ প্রস্তাবনা ভিত্তিহীন। পিন্টু নিজে এ বিষয়ে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। আসামিদের মধ্যে কেউই তাকে জড়িয়ে জবানবন্দি দেননি।"
সরকার পক্ষ তিন জন 'সাজানো' সাক্ষীর মাধ্যমে অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তৌহিদের আইনজীবী মোহাম্মদ রমজান আলীও বলেন, তার মক্কেল বিদ্রোহ লুণ্ঠন বা হত্যাকাণ্ডে নেতৃত্ব দেননি।
"তবে তৎকালীন পরিস্থিতি সামাল দিতে সরকারের সঙ্গে কথা বলেছেন। সরকারের কৌশলের অংশ হিসাবে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিদ্ধান্তে তিনি নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসাবে ঘোষণা দিয়েছিলেন", বলেন তিনি।
রাষ্ট্র পক্ষের আইনজীবী আনিসুল হক জানান, ৮৫০ জন আসামির মধ্যে আজ ৮০ জনের বিষয়ে অভিযোগনামা গঠনের প্রস্তাবনা আদালতে উপস্থাপন করা হয়েছে। এদের মধ্যে একজন মৃত। বাকি আসামিদের মধ্যে ২১ জন পলাতক এবং একজন মৃত।
আসামিদের সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
পিন্টুর আইনজীবীর অভিযোগ প্রসঙ্গে আনিসুল বলেন, "সাক্ষীদের জেরা করার সুযোগ থাকছে। বিষয়টি বিচারাধীন। এই পর্যায়ে সাক্ষীদের সাজানো বলা আইন বিরুদ্ধ।"
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ১২ জুলাই বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি।
২০০৯ সালে ফৌজদারি মামলায় দুটি অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। বিডিআর আদালতে বিদ্রোহের বিচার শুরুর এক বছরের বেশি সময় পর গত ৫ জানুয়ারি পিলখানায় ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়।
এরপর আদালতের নির্দেশে এ মামলার অধিকতর তদন্তের পর গত ২১ মার্চ সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তাতে আগের আসামিদের সঙ্গে ২৬ জন যোগ হওয়ায় আসামির সংখ্যা ৮৫০ জনে দাঁড়ায়।
হত্যা ও লুণ্ঠনের মামলার আসামির সংখ্যা ৮৫০ জন হলেও বিস্ফোরক আইনে দাখিল করা অভিযোগপত্রে ৮৩৪ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন।
রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24