২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: চট্টগ্রামে রায় ২৮ এপ্রিল

চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর (বর্তমানে বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্রের ১৫৩ জওয়ানের বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণা হবে আগামী ২৮ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর (বর্তমানে বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্রের ১৫৩ জওয়ানের বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণা হবে আগামী ২৮ এপ্রিল। বুধবার সকালে নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায় ঘোষণার এ দিন নির্ধারণ করেন। আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিশেষ আদালতে ১০৩ আসামির বিপক্ষে যুক্তি-তর্ক-শুনানি অনুষ্ঠিত হয়। তিনি জানান, শুনানি শেষে ২৮ এপ্রিল সকাল ১০টায় রায় ঘোষণার সময় ধার্য করেন বিচারক। মঙ্গলবার ৫০ জওয়ানের বিপক্ষে যুক্তি-তর্ক-শুনানি অনুষ্ঠিত হয়। এ মামলায় ১৪৩ জন সাক্ষীর মধ্যে ৭৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। ২০০৯ সালের ফেব্র"য়ারির শেষ দিকে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়। সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ করে অনেক বিডিআর সদস্য। বিডিআর আইনে বিশেষ আদালত বসিয়ে বিদ্রোহের বিচার চলছে। তবে রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বিজিবি হলেও বিদ্রোহের বিচার পুরনো আইনেই হচ্ছে। বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। কিন্তু নতুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আইনে এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯৩৭ ঘ.