২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় হত্যা-লুণ্ঠনএজাহার উপস্থাপনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু

বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের এজাহার উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এভাবে শুরু করা নিয়ে প্রশ্ন তুলেছে আসামি পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের এজাহার উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এভাবে শুরু করা নিয়ে প্রশ্ন তুলেছে আসামি পক্ষ। সোমবার এজাহার উপস্থাপনের পাশাপাশি এ মামলার অধিকতর তদন্তে যুক্ত হওয়া নতুন ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগও গ্রহণ করে আদালত। ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে সোমবার সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মামলার শুনানি চলে। এরপর আদালতের কার্যক্রম আগামী ১২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন বিচারক জহিরুল হক। আদালতের কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষের আবেদনে নতুন ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে আদালত। এরপর মামলার এজাহার পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা চলবে কিনা- এ নিয়ে আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি হয়। এ জন্য আদালতের কার্যক্রম কিছু সময়ের জন্য মুলতবিও করেন বিচারক। আদালত মুলতবির পর আনিসুল হক সাংবাদিকদের বলেন, আদালতে মামলার এজাহার শোনানোর মাধ্যমে এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। আইন অনুযায়ী এজাহার পড়ে শোনানো হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, "মামলার এজাহার পড়ে শোনানোর মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করা আইন সম্মত হয়নি। এজাহার পড়ে শোনালে হবে না, এখানে আসামিদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তাও শোনাতে হবে।" শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল অভিযোগ গঠনের শুনানি শুরুর আবেদন জানিয়ে বলেন, গত শুনানিতে বলা হয়েছিলো আজ (সোমবার) অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। তাই নির্ধারিত সময়েই অভিযোগ গঠনের শুনানি করা উচিত। এ সময় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ বলেন, অধিকতর তদন্তের পর যে ২৬ জনকে আসামি করা হয়েছে, তার অনুলিপি এখনো আইনজীবীদের হাতে আসেনি। সব আসামির প্রয়োজনীয় কাগজপত্র হাতে না আসা পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা উচিত। বিচারক দু-পক্ষের আইনজীবীদের কথা শুনে বলেন, যেহেতু পুরোনো আসামিদের কাগজপত্র সরবরাহ করা হয়েছে তাই তাদের অভিযোগ গঠনের শুনানি শুরু করা যেতে পারে। আসামিপক্ষের অন্যতম আইনজীবী আমিনুল ইসলাম আদালতকে বলেন, গত ২৩ মার্চ অধিকতর তদন্তের বিষয়টি জানার পর আদালতে ওই আসামিদের কাগজপত্র নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। সেই কাগজপত্র না আসা পর্যন্ত শুনানি মুলতবি করা উচিত। আদালতের নির্দেশে এ মামলার অধিকতর তদন্তের পর গত ২১ মার্চ সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তাতে আগের আসামিদের সঙ্গে ২৬ জন যোগ হওয়ায় আসামির সংখ্যা ৮৫০ জনে দাঁড়ায়। ওই ঘটনায় দুটি অভিযোগপত্র দেয় সিআইডি। হত্যা ও লুণ্ঠনের মামলার আসামির সংখ্যা ৮৫০ জন হলেও বিস্ফোরক আইনে দাখিল করা অভিযোগপত্রে ৮৩৪ জনকে আসামি করা হয়। নতুন ২৬ জন দুই মামলারই আসামি, তারা সবাই সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও লুণ্ঠনের অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আসামিদের মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। বিডিআর আদালতে বিদ্রোহের বিচার শুরুর এক বছরের বেশি সময় পর গত ৫ জানুয়ারি পিলখানায় ফৌজদারি অপরাধের বিচার শুরু হয়। বিশাল সংখ্যক আসামির একত্রে বিচারের সুবিধার জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে কঠোর নিরাপত্তায় চলছে অস্থায়ী এ আদালতের কাজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জুলাই বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৫৫০ ঘ.