২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় হত্যা-লুণ্ঠননতুন ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের অধিকতর তদন্তে যুক্ত হওয়া নতুন ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 04:56 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের অধিকতর তদন্তে যুক্ত হওয়া নতুন ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে আদালত। ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে সোমবার সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মামলার শুনানি চলে। এরপর আদালতের কার্যক্রম আগামী ১২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন বিচারক জহিরুল হক। আদালতের কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষের আবেদনে নতুন ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা চলবে কিনা- এ নিয়ে আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। এ জন্য আদালতের কার্যক্রম কিছু সময়ের জন্য মুলতবিও করেন বিচারক। আদালতের নির্দেশে এ মামলার অধিকতর তদন্তের পর গত ২১ মার্চ সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তাতে আগের আসামিদের সঙ্গে ২৬ জন যোগ হওয়ায় আসামির সংখ্যা ৮৫০ জনে দাঁড়ায়। ওই ঘটনায় দুটি অভিযোগপত্র দেয় সিআইডি। হত্যা ও লুণ্ঠনের মামলার আসামির সংখ্যা ৮৫০ জন হলেও বিস্ফোরক আইনে দাখিল করা অভিযোগপত্রে ৮৩৪ জনকে আসামি করা হয়। নতুন ২৬ জন দুই মামলারই আসামি, তারা সবাই সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও লুণ্ঠনের অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আসামিদের মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। বিডিআর আদালতে বিদ্রোহের বিচার শুরুর এক বছরের বেশি সময় পর গত ৫ জানুয়ারি পিলখানায় ফৌজদারি অপরাধের বিচার শুরু হয়। বিশাল সংখ্যক আসামির একত্রে বিচারের সুবিধার জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে কঠোর নিরাপত্তায় চলছে অস্থায়ী এ আদালতের কাজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জুলাই বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১২০৫ ঘ.