চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের বিশেষ আদালতে চতুর্থ দিনে ১০ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিশেষ আদালত-১৬ চলে।
এর মধ্যে তিনজন সেনা কর্মকর্তা এবং একজন বিডিআর হাবিলদারের স্ত্রী রয়েছেন।
আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আগামী শনিবার সকাল ৯টা পর্যন্ত মূলতবি করা হয়েছে। ওইদিন সকালে পুনরায় সাক্ষ্য গ্রহণ চলবে।
তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এই মামলার মোট ১৪৩ জন সাক্ষী।
এর আগে বুধবার একই আদালত ১০ জনের সাক্ষ্য নেয়।
বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম বিশেষ আদালতের সভাপতির দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানা ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে (বর্তমানে বিজিবি ট্রেনিং সেন্টার) বিদ্রোহে অংশ নেয় জওয়ানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/২০২৪ ঘ.
bdnews24