২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি সদরের ২৯ জওয়ানের সাজা

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে খাগড়াছড়ি সদরের ২৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। চার জওয়ানকে সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

খাগড়াছড়ি, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে খাগড়াছড়ি সদরের ২৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। চার জওয়ানকে সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন খাগড়াছড়ি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত ১৫-এর বিচারক কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক এ রায় দেন বলে মামলার প্রসিকিউটর জানিয়েছেন। এ মামলায় ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। অভিযুক্তদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা জরিমানা করা হয়। মামলার প্রসিকিউটর মেজর জসীমউদ্দিন বিচার কাজ শেষে এক সংবাদ সম্মেলনে জানান, আসামিদের মধ্যে ৪ বছর কারাদণ্ড হয়েছে এক জনের, ৩ বছর করে চার জনের, ২ বছর ৬ মাস একজনের, ১ বছর ৬ মাস করে দুই জনের, ১ বছর করে তিন জনের, ৬ মাস করে বারো জনের এবং ৪ মাস করে দুই জনের। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়। তখন পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির এই সাজাপ্রাপ্তরাও। রক্তাক্ত বিদ্রোহের পর বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর নাম বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বদলে বর্ডার গার্ডস বাংলাদেশ করা হয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ২৬ বিজিবি বড়কলের অধিনায়ক লে. কর্নেল সাইয়েদিস সাকলাইন, চট্টগ্রামের ২৮ বিজিবি'র গোয়েন্দা কর্মকর্তা মেজর আজম গোলাম মোস্তফা আল মামুন, ডেপুটি এটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহম্মদ, বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. হাবিবুর রহমান, আমিনুর রহমান খান। এছাড়া আসামিদের পক্ষে ফ্রেন্ডস অব দি একিউজড্ মেজর জাবেদ হাসান, আইনজীবী মোরাদ হোসেন, জ্ঞানজ্যোতি চাকমা, মো. অহিদুর রহমান সজল আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে এ আদালতে রামগড়-১১ বিজিবি'র ৬৯ জওয়ানের বিচারের রায় দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০১৬ ঘ.