চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে বিদ্রোহের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিনজনের সাক্ষ্য নেওয়া হয়।
চট্টগ্রাম নগরীর হালিশহরে বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) ২৮ ব্যাটালিয়ানে ১৬ নম্বর বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণ চলে।
বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ আদালত ২২ মার্চ সকাল ৯টা পর্যন্ত মূলতবি করা হয়েছে। ওইদিন সকালে পুনরায় সাক্ষ্য গ্রহণ চলবে।
আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমদিনে মামলার বাদী নায়েক সুবাদার শরীফুল ইসলাম, হাবিলদার মাহবুব ও হাবিলদার অজিত সাক্ষ্য দিয়েছেন। আসামিরা তাদের জেরাও করেন।
আদালত সাক্ষীদের বক্তব্য ও আসামিদের জেরা রেকর্ড করেছেন।
এই মামলায় মোট ১৪৩ জন সাক্ষী রয়েছেন। পর্যায়ক্রমে বাকিদের সাক্ষ্য নেওয়া হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"যারি পিলখানা ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে (বর্তমানে বিজিবি ট্রেনিং সেন্টার) বিদ্রোহে অংশ নেয় জওয়ানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২০০৪ ঘ.
bdnews24