নেত্রকোনা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে জড়িত থাকায় নেত্রকোনা ১৬ বিজিবি ব্যাটালিয়নের ৫৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৭ এর বিচারক কর্নেল মো. নজরুল ইসলাম সরকার এ রায় দেন।
বিচারক রায়ে দণ্ডিত প্রত্যেককে একশ টাকা জরিমানার আদেশ দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে- দুই জনকে ৭ বছর, তিন জনকে ৬ বছর, তিন জনকে ৫ বছর, পাঁচ জনকে ৪ বছর, দুজনকে ৩ বছর, এক জনকে ২ বছর ছয় মাস, সাত জনকে ২ বছর, এক জনকে ১ বছর ৬ মাস, ১০ জনকে ১ বছর, ১৬ জনকে ৬ মাস, তিন জনকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার আগে আসামিদের আদালতে উপস্থিত করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ঢাকায় রক্তাক্ত বিদ্রোহে বিডিআরে কর্মরত অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন। ওই সময় পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে জওয়ানরা অস্ত্র নিয়ে নামে।
রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭৩৮ ঘ.
bdnews24