২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: জামালপুরে ৫২ জওয়ানের সাজা

বিডিআর বিদ্রোহের মামলায় জামালপুরে ৫২ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাজা হয়েছে পাঁচ জনের। খালাস পাননি কেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

জামালপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় জামালপুরে ৫২ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাজা হয়েছে পাঁচ জনের। খালাস পাননি কেউ। জামালপুর ৬ বিজিবি ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৭ বুধবার এ রায় দেয়। রায় পড়ে শোনান আদালত প্রধান বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। ৫২ আসামির মধ্যে পাঁচ জনকে ৭ বছর, ছয় জনকে ৬ বছর, ছয় জনকে ৫ বছর, ১৩ জনকে ৪ বছর, সাত জনকে ৩ বছর, সাত জনকে ২ বছর, তিন জনকে ১ বছর, তিন জনকে ৬ মাস এবং দুজনকে ৪ মাস করে সাজা দেওয়া হয়েছে। রায়ের পর সাজাপ্রাপ্ত জওয়ানের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। রায়ের দিন থেকে সাজা কার্যকর হয়েছে বলে আদালত জানায়। রায়ের পর দণ্ডিতদের কারাগারে নেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ঢাকায় রক্তাক্ত বিদ্রোহে বিডিআরে কর্মরত অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন। ওই সময় পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে জামালপুরসহ বিভিন্ন স্থানে জওয়ানরা অস্ত্র নিয়ে নামে। জামালপুরে বিদ্রোহের মামলায় মোট ৫২ জওয়ানকে অভিযুক্ত করা হয়। ১১ জনের সাক্ষ্য নেওয়ার পর বুধবার রায় হলো। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.